রোববার শুরু হচ্ছে ট্রাফিক সপ্তাহ : শিক্ষার্থীরা সহযোগিতা করলে স্বাগত জানাবে পুলিশ
যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন না মানা ও ফুটওভার ব্রীজ ব্যবহার নিয়ে কাল রোববার থেকে ট্রাফিক পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। এতে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট-গার্লস গাইড সঙ্গে থাকবে। আর আন্দোলনরত শিক্ষার্থীরা যদি সহযোগিতা করতে চায় তাদের স্বাগত জানাবে পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সদস্যরা যানবাহনের বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই করবেন। এই সপ্তাহে ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হোক, যে কোনোভাবে আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
তিনি আরও বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছেন তা অত্যন্ত মহৎ। কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য, ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। এটা চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা এভাবে রাস্তায় থাকার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, অব্যবস্থাপনা দেখা দিয়েছে, এই অবস্থাও চলতে দেওয়া যায় না। শিক্ষার্থীরা আইন প্রয়োগে আমাদের নৈতিক ভিত্তি দিয়েছে, আমরা এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন ট্রাফিক রুলের কঠোর প্রয়োগে উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান কমিশনার।
amadershomoy.com











