সোনালিকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব!
অনলাইন ডেস্ক : একসময়ের জনপ্রিয় মডেল ও বলিউড তারকা সোনালি বেন্দ্রেকে ‘যেকোনো মূল্যে’ পেতে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সোনালির প্রেমে এতটাই মজেছিলেন এই পেসার।
শুধু কি তাই? শোয়েবের মানিব্যাগে থাকত সোনালি বেন্দ্রের ছবি!
সোনালি বেন্দ্রে ভারতীয় মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তামিল, তেলুগু, মারাঠি ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে ‘আগ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিনয়যাত্রা শুরু হয়।
এ মাসের শুরুর দিকে সিনেভক্তদের মনে শোকের ছায়া নেমেছিল একসময়ের বলিউড কাঁপানো তারকা সোনালি বেন্দ্রের ক্যানসারের খবরে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে সোনালি নিজেই জানান ওই অসুখের কথা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাবেক পেস তারকা শোয়েব আখতার সোনালি বেন্দ্রেকে এতটাই ভালোবাসতেন যে, তাঁর প্রেমের আহ্বানে সাড়া পেতে যেকোনো কিছু করতে রাজি ছিলেন।
মজার ছলেই এক টিভি শোতে শোয়েব জানান, একদিন তিনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এবং তাঁর মাথায় আসে, সোনালি যদি তাঁর প্রেমপ্রস্তাব গ্রহণ না করেন তবে তিনি তাঁকে অপহরণ করবেন!
শোয়েব যে সোনালি বেন্দ্রেকে খুব ভালোবাসতেন তা বোঝা যায় আরেকটি ঘটনায়। তিনি তাঁর মানিব্যাগে জনপ্রিয় এ অভিনেত্রীর ছবি রাখতেন। এ খবরটা পাকিস্তানি ক্রিকেটারদের অনেকেই জানতেন!
তবে শেষ পর্যন্ত সোনালি বেন্দ্রে শোয়েবের কপালে ছিল না! সোনালি বিয়ে করেন পরিচালক গোল্ডি বহেলকে আর শোয়েব বিয়ে করেন রুহাবকে।
যাই হোক, সোনালিভক্তরা মুখিয়ে আছেন তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে। সবাই চান দ্রুতই আরোগ্য লাভ করে ভক্তদের মাঝে ফিরে আসুন সোনালি। আর তাই সোনালির স্বজনদের কাছেও হানা দেন সাংবাদিকসহ ভক্তরা। তবে সোনালির ননদিনী সৃষ্টি আর্য জানিয়েছেন তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে।
সৃষ্টি বলেন, ‘তিনি (সোনিলি বেন্দ্রে) ভেঙে পড়ছেন না।’ তিনি বলেন, ‘কর্কট রোগে আক্রান্ত কারো পক্ষে শক্ত থাকা ও আশা না হারানো সত্যিই কঠিন কাজ, কিন্তু সোনালি নিজের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।’











