বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ: হামলাকারী আহত

news-image

চীনের রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এক হামলাকারী আহত হয়েছে। তবে এ ঘটনায় দূতাবাসের কেউ এতে  হতাহত হয়নি।

দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টার দিকে বেইজিংয়ের চাওইয়াং এলাকায় অবস্থিত দূতাবাসের বাইরে বিস্ফোরণ হয়। এ সময় সেখানে স্বাভাবিক কাজকর্ম চলছিল। ভিসার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল লোকজন। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে।

এ সম্পর্কে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে হামলাকারী ব্যক্তি আহত হয়েছে। তবে তার অবস্থা কেমন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জানা যায়নি তার পরিচয় এবং হামলার উদ্দেশ্যও।

চীনের সোশাল মিডিয়াতে ওই বিস্ফোরণের বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, যেখানে দূতাবাসের চারপাশে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বের যত দেশে মার্কিন দূতাবাস রয়েছে তার মধ্যে বেইজিংয়ের এই দূতাবাসটি সবচেয়ে সুরক্ষিত বলে বিবেচিত হয়ে থাকে।

এদিকে বিবিসি বলছে, বিস্ফোরণের আগে বেল ১১টার দিকে দূতাবাসের কাছে এক নারী তার গায়ে আগুন দেয়ার চেষ্টা করছিলেন। পরে পুলিশ তাকে সেখান থেকে অন্যত্র নিয়ে যায়। তবে এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়।

সূত্র: সিএনএন/ বিবিসি