ওয়ানডে সিরিজের আগে টাইগারদের জন্য বড় সুসংবাদ!
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতাশার একটি টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজে আগামী ২২ জুলাই মাঠে নামবে টিম-টাইগাররা।
সাবেক লঙ্কান ক্রিকেটার থিলান সামারাবিরার বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদটা দীর্ঘদিন খালি ছিলো। তাই এই সিরিজকে সামনে রেখে টাইগার দলের ব্যাটিং পরার্মশক হচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি।
তবে বাংলাদেশ দলের ব্যাটিং পরার্মশক হিসাবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মাইকেল বেভানের কথা কিন্তু তার সাথে চুক্তি চূড়ান্ত হচ্ছিল না বিসিবির।
অবশেষে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে দ্বিতীয় টেস্ট সিরিজ শুরুর আগেই ৭ জুলাই টাইগার দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল ম্যাকেঞ্জির কিন্তু নির্ধারিত সময়ে তিনি যোগ দিতে পারেননি।
ক্রিকেট বোর্ডের বরাতে জানা গেছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই টাইগারদের সঙ্গে গায়েনাতে যোগ দিচ্ছেন এই প্রোটিয়া কোচ।
ম্যাকেঞ্জি এর আগে দুইবার দক্ষিণ আফ্রিকা যুব দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
প্রথমে ২০১৬ সালে প্রোটিয়া যুব দলের সাথে বাংলাদেশ সফরে এসেছিলেন ম্যাকেঞ্জি। তবে সেই সিরিজটি তার জন্য সুখকর হয়নি। কারণ দক্ষিণ আফ্রিকান যুবারা সেবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছিল।
এরপর চলতি বছরের শুরুতে আবারও দক্ষিণ আফ্রিকা যুব দলের সহকারী কোচের দায়িত্ব নেন তিনি। এবার বাংলাদেশ দলের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে আসছেন এই সাবেক প্রোটিয়া তারকা।











