জার্মানির কাছ থেকে ৩.৩ বিলিয়ন ডলারের সাঁজোয়া যান কিনবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সরকার জার্মানির রাইনমেটাল ডিফেন্সকে ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে দেশটির সেনাবাহিনীর জন্য বক্সার সাঁজোয়া যান সরবরাহ করবার জন্য নির্বাচন করেছে। সামরিক বার্তা সংস্থা ডিফেন্স নিউজ জানায়, চলতি বছরের জুন মাসের শেষে রাইনমেটালের অস্ট্রেলিয়া শাখার সঙ্গে এই বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে দেশটির সরকার। এর আগে মার্চ মাসেই এই বিষয়টি নিশ্চিত করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পিটার টার্নবুল এবং প্রতিরক্ষামন্ত্রী মরিস পেইন।
চুক্তিটির আওতায় অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর জন্য ৩.৩ বিলিয়ন ডলারে ২১১টি অত্যাধুনিক বক্সার আর্মাড কমব্যাট রিকন্স্যান্স ভেহিকেল (সিআরভি) সরবরাহ করবে রাইনমেটাল অস্ট্রেলিয়া শাখা। রাইনমেটাল অস্ট্রেলিয়া তাদের এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্ব কুইন্সল্যান্ডে তারা এই সামরিক যানগুলো স্থানীয়ভাবে তৈরি করার লক্ষ্যে একটি কারখানা স্থাপন করবে। তবে চুক্তি অনুযায়ী প্রথম ব্যাচের ২৫টি বক্সার সাঁজোয়া যান জার্মানিতেই তৈরি করা হবে।
উল্লেখ্য, বক্সার সিআরভি ইতোমধ্যেই জার্মান সামরিক বাহিনীর সাঁজোয়া বহরে সার্ভিসে রয়েছে। এটি অত্যাধুনিক ২০-৩০ মিলিমিটারের মাউজার টারেট গানসহ, অত্যাধুনিক ট্যাংক বিধ্বংসী মিসাইল বহন করতেও সক্ষম। ডিফেন্স নিউজ











