নেইমার এ পর্যন্ত যতক্ষণ মাঠে পড়ে ছিলেন
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছেন নেইমার। প্রতি ম্যাচেই নেইমার মাঠে কিছুক্ষণ পড়ে থাকবেন, এটা যেন রীতি হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপে।
নেইমার যে এবার বিশ্বকাপ জিততে রাশিয়া এসেছেন, সেটি সবার জানা। তাঁকে আটকাতে ক্রমাগত ট্যাকল করার কৌশল এঁটেছে প্রতিপক্ষ দলগুলো। যে কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ফাউলের (২৩) শিকার হওয়া খেলোয়াড়টি নেইমার। কিন্তু এরপরও ব্রাজিলের এই ফরোয়ার্ডের বিপক্ষে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগ উঠছে। সমালোচনাও হচ্ছে বিস্তর। প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা নাকি একটু বাধা দিলেই নেইমার কাটা কলাগাছের মতো পড়ে যাচ্ছেন!
তা, বিশ্বকাপে এ পর্যন্ত মাঠে ঠিক কতক্ষণ পড়ে ছিলেন নেইমার? সেই হিসাবও কিন্তু করা হয়েছে। ব্রাজিলের এ পর্যন্ত ৪ ম্যাচে নেইমার মাঠে পড়ে ছিলেন ১৩ মিনিট ৫০ সেকেন্ড। অর্থাৎ একটি ম্যাচের ছয় ভাগের এক ভাগ। এর মধ্যে শুধু মেক্সিকোর বিপক্ষেই সাড়ে পাঁচ মিনিট মাঠে পড়ে ছিলেন।
নেইমার কিন্তু পুরো ফিট হয়ে রাশিয়ায় আসতে পারেননি। গত ফেব্রুয়ারিতে পায়ের পাতায় চোট পেয়েছিলেন। তার ওপর বিশ্বকাপে প্রথম ম্যাচেই সুইসরা তাঁকে যেভাবে ট্যাকল করেছে, সেটি নেইমারের ভীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে তাঁকে দশবার ফাউল করা হয় যা কিনা ১৯৯৮ বিশ্বকাপের পর থেকে এই টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ।
বিশ্বকাপে অনেক দূর যেতে হলে সুস্থ থেকে নিজের ফর্ম ধরে রাখাটা প্রাথমিক শর্ত। চোট থেকে ফিরে বিশ্বকাপে এসে নিজের সেরাটা দেওয়া চ্যালেঞ্জই ছিল নেইমারের জন্য। ধারণা করা হচ্ছে, ডিফেন্ডারের ট্যাকল থেকে নিজেকে রক্ষার জন্যই এমন ‘ডাইভ’ দিচ্ছেন নেইমার। আর রেফারি যখন হলুদ কার্ডে অনীহা দেখান, একটু বেশি চোট পাওয়ার ভান করা ছাড়া উপায়ও বা কী!











