বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোল নয়, চুলে মনোযোগী নেইমার!

news-image

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছেন তিনটি ম্যাচ। অথচ গোলের দেখা পেয়েছেন মাত্র একটিতে। কিন্তু বিশ্বকাপের মধ্যে হেয়ার স্টাইলে পরিবর্তন এনেছেন সবমিলিয়ে তিনবার। সর্বশেষ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগেই দেখা গেল নেইমারের নতুন হেয়ার স্টাইল।

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। ২ জুলাই, সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। নক আউট পর্বে মেক্সিকানদের বিপক্ষে মাঠে নামার আগে সামারা অ্যারিনায় অনুশীলনে ঘাম ঝরিয়েছে তিতের শিষ্যরা। সেখানে দলের সঙ্গে অনুশীলনের সময় নতুন রূপে দেখা গেছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নদ্রষ্টা নেইমারকে। বিশ্বকাপে এই নিয়ে তিনবার হেয়ারস্টাইল পরিবর্তন করেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ব্রাজিলিয়ান তারকা।

বিশ্বকাপে অংশ নিতে গেল ১১ জুন দলের সঙ্গে রাশিয়ার সোচি বিমানবন্দরে পা রাখেন নেইমার। বিমানবন্দরেই দেখা যায় নতুন হেয়ার স্টাইলে এসেছেন নেইমার। এরপর ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই হেয়ার স্টাইলে পরিবর্তন আনেন তিনি।

নতুন হেয়ার স্টাইল নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়ে যান নেইমার। সবাই তার নতুন হেয়ার স্টাইলকে অভিহিত করছিল ‘নুডলস’ স্টাইল হিসেবে। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের ১-১ গোলে ড্র করার পেছনেও কেউ কেউ তার চুলের এই বাজে স্টাইলকে দোষারোপ করেন। ব্রাজিলিয়ান সমর্থকরাই বলতে শুরু করেন, দলীয় খেলার চেয়ে স্টাইল নিয়েই বেশি মনোযোগী নেইমার। খোঁচা দিতে বাদ যাননি দেশটির অনেক সাবেক খেলোয়াড়ও।

তীব্র সমালোচনার মুখে ‘নুডলস’ স্টাইল পরিবর্তন করতে বাধ্য হন নেইমার। এখানেই শেষ নয়, এবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগেও তাকে দেখা গেল নতুন রূপে। সমালোচকরা তো বলতেই পারেন, মাঠের খেলার চেয়ে চুলের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন নেইমার। কারণ এখন পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ছাড়া বাকি দুই ম্যাচের কোনোটিতেই গোলের দেখা পাননি এই সেলেসাও তারকা।

সূত্র: ডেইলি মেইল