বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদ্দেকের পর সাব্বিরের সেঞ্চুরি জবাব দিচ্ছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক
বিতর্কের কারনে দলে জায়গা পায়নি সাব্বির আর চোখের সমস্যায় পিছিয়ে পড়েছেন মোসাদ্দেক। তবে বৃহস্পতিবার শ্রীলঙ্কা `এ`দলের বিপক্ষে চারদিনের ম্যাচের তৃতীয় দিনে দুজনই করলেন সেঞ্চুরি। একজন আবার অপরাজিত।তাতে বাংলাদেশ `এ`দল আক্ষরিক অর্থেই ঘুরে দাঁড়িয়েছে সফরকারী লঙ্কানদের বিপক্ষে। চট্টগ্রামে প্রথম ইনিংসে প্রতিপক্ষের বড় রানের (৪৪৯/৮ ডিক্লে) জবাবে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন দুর্দান্ত ব্যাট করলেন। মোসাদ্দেক ১৩৫ রান করে আউট হলেও সাব্বির অপরাজিত আছেন ১৪৪ রান করে। বাংলাদেশ `এ` দলের সংগ্রহ এদিন শেষে ৪ উইকেটে ৩৬০। এখন আর পিছিয়ে ৮৯ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রথম টেস্টে তুষার ইমরানের কাছে ভালো কিছু আশা করা হচ্ছিল। গেল কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড রান করে এবার `এ`দলে সুযোগ পাওয়া তুষার অবশ্য এক অর্থে হতাশই করেছেন। আগের দিন বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৪। বড় শঙ্কা ছিল সামনে। সকালে ১২ রান নিয়ে খেলতে নেমে আর ১৩ রান পর মানে ২৫ রান করেই বিদায় তুষারের।
এতে অবশ্য শাপেবরই হয়েছে বলে মনে হচ্ছে স্বাগতিক দলের জন্য। কারণ,চতুর্থ উইকেটে সাব্বির-মোসাদ্দেকের ২০৯ রানের দুরন্ত জুটিটা তারপরই না গড়ে উঠল। জাতীয় দল থেকে ছিটকে পড়া দুই প্রতিভা চমৎকার ব্যাট করে গেলেন। সারা দিনে প্রথম ও শেষ সেশনে কেবল একটি করে উইকেটের দেখা পেল লঙ্কানরা। সাব্বির-মোসাদ্দেকে বাকি সময়টা প্রতিপক্ষ বোলারদের জন্য হতাশার।

ফার্স্ট ক্লাসে একাধিক ডাবল সেঞ্চুরির মালিক তরুণ মোসাদ্দেক ১৩৫ রান করতে খেলেছেন ২৪৩ বল। ৯টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট ৫৫.৫৫। কিছুদিন আগে কেলেঙ্কারির কারণে বড় ধরনের শাস্তি পাওয়া সাব্বির ১৪৪ রান করে গর্বের সাথে টিকে আছেন ২৫৭ বল খেলে। ১৩টি চারের মার মেরেছেন তিনি। ছক্কা মেরেছেন ২টি। মোসাদ্দেক আগের দিন ৮ রানে অপরাজিত ছিলেন। এদিন সাব্বিরের সাথে অপরাজিত জাকির হোসেন। ২৭ রান তার।