বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রোয়েশিয়া কোচের যে ভাবনা ডুবাবে আর্জেন্টিনাকে

news-image

স্পোর্টস ডেস্ক
অনেক সমীকরণের মাঝে দাঁড়িয়ে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাবার সম্ভাবনা। যার একটি হচ্ছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও মেসিদের তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার ম্যাচটিতে। কারণ একই সময়ে ক্রোয়েশিয়ার কাছে হারতে হবে আইসল্যান্ডেরও। তবেই দ্বিতীয় রাউন্ডের দরজা খুলবে মেসিদের।

ইতোমধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে ক্রোয়েশিয়া। তাই আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে বেশি ভাবছেন না ক্রোয়েশিয়ার কোচ। তাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখার চিন্তা করছেন তিনি। যেটি কাল হতে পারে আর্জেন্টিনার।

গ্রুপ পর্বের নাইজেরিয়া আর আর্জেন্টিনাকে হারানো দুই ম্যাচে ক্রোয়েশিয়ার ছয় জন খেলোয়াড় পেয়েছেন একটি করে হলুদ কার্ড। যার মধ্যে আছেন মিডফিল্ডার ইভান রাকিটিচও। এদের কেউ আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড পেলে খেলতে পারবেন না দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ঝুঁকির চিন্তা করেই পরিকল্পনা আঁটছেন কোচ জলতকো দালিচ। যেখানে ইঙ্গিত দিয়ে রাখলেন একাদশ পরিবর্তনের। তিনি জানান, ‘আমরা গ্রুপের শীর্ষে আছি। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কয়েকজনের কার্ড আছে। কাজেই আমাকে লাইনআপ বদলাতে হবে। যারা কার্ড পেয়েছে তাদের নিয়ে আমি ঝুঁকি নিতে পারি না। দলে যথেষ্ট বিকল্প আছে যারা খেলতে পারে।’

এতেই পরিষ্কার হওয়া গেল, ক্রোয়েশিয়া শুধু এই ম্যাচটিই নয়, ভাবছেন দ্বিতীয় রাউন্ড নিয়েই। তিনি এগুতে চান ধাপে ধাপে। নিজেদের উপর বিশ্বাস রেখে তিনি জানান, ‘পুরো টুর্নামেন্টটা এখন একটু বিচিত্র হচ্ছে। ফেভারিটরা ধুঁকছে। ভালো ফুটবল খেলাটা সহজ হচ্ছে না। আমি সবাইকে আমাদের নিয়ে ভীতি সঞ্চার করতে চাই। ধাপে ধাপে এগুতে চাই, বিশ্বাস রাখতে চাই নিজেদের উপর।’