বিশ্বকাপ মাঠে উড়ছে বাংলাদেশের পতাকা
স্পোর্টস ডেস্ক
৩২ দেশের অংশগ্রহণে রাশিয়াতে চলছে বিশ্বকাপ ফুটবল। সে তালিকায় নেই বাংলাদেশ। তবে বাংলাদেশ না থাকলেও রাশিয়ায় ভিন্নরূপে উপস্থিত রয়েছে প্রিয় দেশ। রয়েছে দেশের পতাকা।
প্রায়ই ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে দেখা যাচ্ছে বাংলাদেশের পতকা। গ্যালারিতে বঙ্গবন্ধুর ছবি হাতে নিয়ে ওঠা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ২০ জুন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পর্তুগাল এবং মরক্কোর মধ্যকার ম্যাচে গ্যালারিতে দেখা গেছে বাংলাদেশের পতাকা।
পর্তুগাল-মরক্কো ম্যাচের চার মিনিটের কথা, জোয়াও মুতিনহোর ক্রসে দক্ষ শিকারির মতো হেডে গোল করলেন রোনালদো।
এরপর রোনালদোর স্বভাবসুলভ সেই চিরচেনা উল্লাস। তবে রোনালদোর উল্লাসের মুহূর্তটুকু অন্যদের কাছে খুব স্বাভাবিক মনে হলেও বাংলাদেশিদের জন্য ছিল একটু বিস্ময়কর।

ম্যাচে রোনালদোর পেছনেই দেখা গেছে বাংলাদেশের পতাকা। ছবি: রয়টার্স
রোনালদোর ঠিক পেছনেই যে ফুটে উঠেছিল এক খণ্ড বাংলাদেশের চিত্র। উল্লাস করতে করতে ছুটে যাওয়া রোনালদোর ঠিক পেছনেই বাংলাদেশের পতাকা।
বাংলাদেশেও রয়েছে রোনালদোর অন্ধ ভক্তকুল। সেই ভালোবাসার টানেই বাংলাদেশি এক ভক্ত লুঝনিকি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন, যদি রোনালদোর দেখা মেলে!
রোনালদো হয়তো বাংলাদেশের পতাকা চিনতে পারেননি, কিন্তু তাঁর এই গোলের সঙ্গে ঠিকই মিশে গেল এক টুকরো বাংলাদেশ!

ম্যাচে রোনালদোর পেছনেই দেখা গেছে বাংলাদেশের পতাকা। ছবি: রয়টার্স
বিশ্বকাপের মাঠে দেখা গেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও।
ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে বঙ্গবন্ধুর ছবি হাতে স্টেডিয়ামে উপস্থিত হন ফেনীর সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ।
এসময় তার গায়ে ছিল ব্রাজিলের জার্সি, মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা।

বঙ্গবন্ধুর ছবি হাতে ফেনীর সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ। ছবি: ফেসবুক
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ছবি হাতে এভাবেই ক্যামেরাবন্দি হন হিরণ। তার পাশে দাঁড়ানো এক ভক্তের গায়ে দেখা যাচ্ছিল কোস্টারিকার লাল রঙের হোম জার্সি।
ম্যাচ শুরুর আগে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের খেলোয়াড়রা। গ্যালারি তখনও দর্শকপূর্ণ হয়ে ওঠেনি। পেছনে যাদেরকে দেখা যাচ্ছে, তাদের প্রায় প্রত্যেকেই গায়ে চাপিয়ে এসেছেন ব্রাজিলের জার্সি।
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ব্রাজিল-কোস্টারিকার ম্যাচে ব্রাজিলের গোলপোস্টের ঠিক পেছনে বাংলাদেশের পতাকা টানানো দেখা গেছে।
ফিফার ডোপিং কন্ট্রোল বিভাগে দায়িত্বরত বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ আবদুল মতিন লাগিয়েছেন এই পতাকা। তিনি বলেন, আমি দেশের পতাকা সবাইকে দেখানোর জন্যই এখানে টানিয়েছি।
মস্কো থেকে খেলা দেখতে এসেছিলেন বাবু সাইদুর রহমান। তিনিও গ্যালারিতে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। বাবু সাইদুর রহমান বলেন, আমি কেবল ব্রাজিলের ম্যাচটা দেখতেই এতদূর থেকে এসেছি।

বাংলাদেশের পতাকা হাতে ওখানেই ডটকমের সিইও রাহিতুল ইসলাম রুয়েল।
তরুণ উদ্যোক্তা ওখানেই ডটকমের প্রধান নির্বাহী (সিইও) রাহিতুল ইসলাম রুয়েলও অংশ নিয়েছেন রাশিয়ার গ্যালারিতে। দলবদ্ধভাবে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা।
তিনি যুগান্তরকে বলেন, আসলে এবারের বিশ্বকাপে ৩২টি দল খেলছে। কিন্তু তা বাদেও স্টেডিয়ামে অনন্য দেশগুলোও পতাকা উড়াচ্ছে। তাদের বিশ্বাস তারাও একদিন বিশ্বকাপ খেলবে।
তাছাড়াও নিজের দেশকে ব্র্যান্ডিং করার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। ঠিক আমিও একই কাজ করছি বিশ্বের দোয়ারে নিজের দেশকে পরিচয় করিয়ে দেওয়া এবং সব দেশের পতাকার সঙ্গে আমাদের বাংলাদেশের পতাকাও উড়ানো।
রুয়েল বলেন, অনেকে জিজ্ঞাসা করেছে এটা কোন দেশের পতাকা, তখন আমার বাংলাদেশকে আমি পরচিয় করিয়ে দিয়েছি গৌরাবের সাথে। আমার বিশ্বাস বাংলাদেশ একদিন ফুটবল খেলবে। সারা বিশ্ব বাংলাদেশকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠবে।











