চিকিৎসক বাবাকে গাছে বেঁধে স্ত্রী ও মেয়েকে গণধর্ষণ
ডেস্ক রিপোর্ট।। স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন এক ডাক্তার। পথে ২০ জনের সশস্ত্র একটি দল তাদের থামিয়ে ডাক্তারকে মারধর করে। পরে তাকে পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে চোখের সামনেই তার স্ত্রী ও মেয়েকে গণধর্ষণ করে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতে।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার রাতের এই ঘটনায় অভিযুক্তদের দু ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে বিহার পুলিশ।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, স্ত্রী-মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন ডাক্তার। গয়ার সন্ডিহা গ্রামের কাছে সশস্ত্র ওই দুষ্কৃতকারীরা মোটরসাইকেলটিকে দাঁড় করিয়ে ডাক্তারকে মারধর করে। এর পর তাকে একটি বড় গাছের সঙ্গে বেঁধে তার চোখের সামনেই তার স্ত্রী ও মেয়েকে গণধর্ষণ করে। তবে চলে যাওয়ার আগে দুষ্কৃতকারীরা তাকে শাসিয়ে যায়।
এ সম্পর্কে গয়ার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ রাজীব মিশ্রা জানান, ঘটনার দু ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর মধ্যে দুজনকে তারা শনাক্ত করেছেন। বাকিরা মুখোশ পরে ছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই দম্পতি।
এদিকে নিগৃহীতা ওই মা-মেয়েকে গয়া থেকে ৪০ কিলোমিটার দূরের অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের পরীক্ষাও করানো হয়।











