বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৫ বিলিয়ন ডলারে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সকে কিনতে চায় কমকাস্ট

news-image

হলিউড জায়ান্ট টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সকে কিনতে ৬৫ বিলিয়ন ডলারের দর প্রস্তাব দিয়েছে কমকাস্ট। এই প্রস্তাব আরেক জায়ান্ট ডিজনির জন্য বড় ধাক্কা। গত ডিসেম্বরে তারা ফক্সকে কিনতে ৫২.৪ বিলিয়ন ডলারের দর প্রস্তাব দিয়েছিলো।

এটিঅ্যান্ডটি টাইম ওয়ার্নার কিনে নেবার জন্য ফেডারেল আদালতের অনুমতি পাবার পরের দিনই এই প্রস্তাব দিলো কমকাস্ট। এই রায়ের ফলে টাইম ওয়ার্নারকে ৮৫ বিলিয়ন ডলারে কিনে নেবে এটিঅ্যান্ডটি। এটিকে মিডিয়া ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে বড় হাতবদল হিসেবে দেখা হচ্ছে। সিএনএন টাইম ওয়ার্নারের একটি সহযোগী প্রতিষ্ঠান।

কমকাস্টের এই প্রস্তাব মিডিয়া এবং টেলিকমের দুই জায়ন্টের মধ্যে এক রকমের যুদ্ধই শুরু করলো। কমকাস্ট এবং ডিজনি উভয়েই ফক্সকে কিনে নিয়ে ইন্ডাস্টিতে নিজের অবস্থান আরো মজবুত সকরতে চায়। ইদানিং গ্রাহকরা কেবল টিভির প্রতি বিমুখ হয়ে উঠছেন। এর বদলে তারা নেটফ্লিক্স এর মতো অনলাইন প্লাটফর্মের প্রতি ঝুঁকছেন। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কমকাস্ট এর ব্যবসা। ফক্সকে কিনে নেবার মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা মুক্ত হতে পারে কোম্পানিটি। এই ক্রয় প্রতিযোগিতায় যে জিতবে সে পাবে অ্যাভাটার এবং এক্স ম্যানের মতো ফ্রাঞ্চাইজির জন্ম দেয়া বিখ্যাত ফক্স স্টুডিও এর মালিকানা। একই সাথে তারা পাবে ফক্স এর আঞ্চলিক স্পোর্টস নেটওয়ার্ক, এফএক্স এবং ন্যাশনাল জিওগ্রাফিক এর মতো টিভি চ্যানেলের মালিকানা। – সিএনএন মানি