ট্রাম্প-কিম বৈঠক গড়াতে পারে দু’দিনে
১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতার মধ্যকার অনুষ্ঠিতব্য বৈঠক দ্বিতীয় দিনে গড়াতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। ঐতিহাসিক এই বৈঠকসংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই নেতাই সিদ্ধান্ত নেবেন যে আলোচনা দ্বিতীয়দিনে গড়াবে কি না ।
প্রসঙ্গত, আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের কথা থাকলেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে উত্তর কোরিয়া। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়াসহ ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারেও অনিশ্চয়তা সৃষ্টির কথা বলা হয়। ২৪ মে উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। একদিন পর ২৫ মে ট্রাম্প ১২ জুন তারিখেই সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন করে ইঙ্গিত দেন।
বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য, কয়েকজন বিশেষজ্ঞের দাবি, কোরীয় যুদ্ধের অবসানও এই আলোচনার মধ্য দিয়েই হতে পারে।
এদিকে, এই বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউজ মুখপাত্র। সিএনএন











