কিমের সঙ্গে বৈঠক ট্রাম্পের ‘সাহসী ও পরিপক্ক সিদ্ধান্ত: পুতিন
অবশেষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এক সাক্ষাতকারে তিনি বলেন, কিমের সঙ্গে বৈঠক ট্রাম্পের ‘পরিণত ও সাহসী‘ সিদ্ধান্ত।
দুই নেতার এই ঐতিহাসিক সাক্ষাত নিয়ে পুতিন বলেন, এই বৈঠকের বিষয়ে আমি অনেক আশাবাদী । উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সরাসরি দেখা করা ডোনাল্ড ট্রাম্পের বেশ সাহসী এবং পরিপক্ক সিদ্ধান্ত। আমরা একটি ইতিবাচক ফলাফল আশা করছি।
অস্ট্রিয়ার ওআরএফ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পুতিন বলেন, এটি আমাদের পশ্চিমা সহযোগিদের জন্য চমৎকার বিষয়। যদিও কোরিয় উপদ্বীপে উত্তেজনা হ্রাসের জন্য এই প্রচেষ্টা চলা সত্ত্বেও দক্ষিন কোরিয়া তাদের সামরিক মহড়া বাতিল করে নি। পুতিন জানান, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধের বিষয়ে তিনি পুরোপুরি একমত।
১২জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্ভাব্য বৈঠক হওয়ার কথা রয়েছে। এই ইস্যুতে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে পুতিন বলেন, যদি কোন অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে অবাক হব না। আমরা জানি আমাদের পশ্চিমা সহযোগিরা নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এই ধরনের পদক্ষেপ আমাদের উন্নয়ন বা সার্বভৌমত্বের জন্য কোন বাধা নয়। সেই সঙ্গে পুতিন আরো বলেন, রাশিয়া পশ্চিমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায়। রয়টার্স, সিএনবিসি।











