মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়া হবে: ইরান
ইরানি জনগণের মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালী করার মাধ্যমে নিশ্চিতভাবে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়া হবে। একথা বলেছেন ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি।
তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল জনগণের মধ্যে ঐক্য ও সংহতি। এরপর গত চার দশকে আমেরিকার পক্ষ থেকে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো একই উপায়ে ব্যর্থ করে দেয়া হয়েছে।
বোরুজেরদি বলেন, এখন মার্কিন সরকার নতুন করে যেসব নিষেধাজ্ঞা আরোপের ষড়যন্ত্র আঁটছে সেগুলিও ব্যর্থ করে দেয়া সম্ভব হবে।
পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপের সঙ্গে ইরানের যে আলোচনা চলছে সে প্রসঙ্গে এই সিনিয়র সংসদ সদস্য বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী যেসব শর্ত দিয়েছেন সেগুলোর ভিত্তিতে এ আলোচনা হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।
তবে ট্রাম্প বেরিয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা মেনে চলার ঘোষণা দিয়ে ইরানকেও এতে অটল থাকার আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, পরমাণু সমঝোতায় উল্লেখিত অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা সম্ভব হলেই কেবল ইউরোপের সঙ্গে এটি টিকিয়ে রাখার আলোচনা এগিয়ে নিতে হবে।











