বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজার সঙ্গে বিয়ের খবরকে গুজব বললেন আনোয়ার

news-image

বহু কষ্ট আর ধৈর্যের পর মালয়েশিয়ার ক্ষমতায় আসতে পেরেছে আনোয়ার ইব্রাহিম পরিবার। যদিও নির্বাচনে জিতে দেশটির প্রধানমন্ত্রীত্ব পেয়েছেন বর্ষীয়ান রাজনীতিবীদ মাহাথির মোহাম্মদ। তবে দেশটির বেশিরভাগ ক্ষমতায় থাকবে আনোয়ার ইব্রাহিম পরিবারের। তবে এরই মধ্যে একটি খবরে বিব্রত হয়েছে আনোয়ারের পরিবার।

মালয়েশিয়ার রাজা পঞ্চম মোহাম্মদের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহর বিয়ে হয়েছে বলে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিব্রত আনোয়ারের পরিবার। অবশেষে খবরটিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন ২৭ বছর বয়সি নুরুল ইজ্জাহ।

এ বিষয়ে নুরুল ইজ্জাহর মা ও মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ বলেন, ‘অনুগ্রহ করে গুজবে বিশ্বাস করবেন না।’ খবর দ্য স্টার অনলাইনের।

গত বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ওয়ান আজিজাহ মালয়েশিয়ার বর্তমান রাজা সুলতান পঞ্চম মোহাম্মদের মায়ের সঙ্গে দেখা করেন। এ সময় তারা ঘন্টাব্যাপী সাক্ষাৎ করেন।  এরপরই আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহর সঙ্গে রাজার বিয়ে হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এমন খবরে কাউকে কান না দিতে অনুরোধ করেছেন দেশটির বর্তমান সংসদ সদস্য নুরুল ইজ্জাহ।

তিনি বলেন, এসব গুজবে কান না দিয়ে বরং দেশের অর্থনীতির উন্নয়নের দিকে সবাই নজর দিন। দেশের অর্থনীতিকে বাঁচাতে সবাইকে হাতে হাত রেখে কাজ করাও আহ্বান জানান তিনি।

এর আগে দেশটির ব্যবসায়ী রাজা আহমেদ শাহরির ইস্কান্দারের সঙ্গে বিয়ে হয়েছিল নুরুল ইজ্জাহর। পরে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

আনোয়ার ইব্রাহিমের মেয়ে হিসেবে কখনও প্রধানমন্ত্রী হতে চান কি না? সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে নুরুল ইজ্জাহ জানিয়েছিলেন, ‘গণতন্ত্রে সবাই যদি প্রধানমন্ত্রী হতে চায় তাহলে অনেক সংকট সৃষ্টি হবে। আমার মনে হয় মালয়েশিয়ার সেটা দরকারও নেই। মালয়েশিয়ার দরকার অল্পসংখ্যক লোক এ পদে আসতে চাইবে আর বাকিরা সবাই চাইবে দেশকে বদলে দিতে। আমিও শুধু এই প্রক্রিয়ার একটি অংশ হতে চাই।’

সম্প্রতি দেশটির ১৪তম জাতীয় নির্বাচনে নাজিব রাজাকের দলকে বিপুল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদের জোট। এটি মূলত আনোয়ার ইব্রাহিমের দলের নেতৃত্বে গঠিত। তবে আনোয়ার ইব্রাহিম কারাগারে থাকার কারণে সম্পূর্ণ দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী হওয়ার পরই তিনি আনোয়ার ইব্রাহিমের নি:শর্ত মুক্তি পাওয়ার প্রক্রিয়া শুরু করেন। আর তাকে মুক্তি দেয়ার নির্দেশে কোনও শর্ত ছাড়াই সই করেন দেশটির বর্তমান রাজা।

আনোয়ার ও মাহাথিরের চুক্তি অনুযায়ী দুই বছর পর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন আনোয়ার ইব্রাহিম। আর এই দুই বছরে দেশটির অর্থনৈতিক কাঠামো ঠিক করতেই কাজ করবেন মাহাথির। খুব দ্রুত দেশটির যেকোনও একটি উপনির্বাচন থেকে জয়ী হয়ে সংসদে আসবেন আনোয়ার ইব্রাহিম। তারপরই মূলত তিনি সরাসরি সরকারি পদক্ষেপে হস্তক্ষেপ করবেন। তবে সে পর্যন্ত মাহাথিরের দিকে মূলত নজর রাখবেন আনোয়ারের স্ত্রী। যিনি মূলত দেশটির বর্তমান উপ প্রধানমন্ত্রী।