বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে রাবার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মালবিয়া নগর এলাকায় একটি রাবার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানাচ্ছেন, জনবহুল মালবিয়া নগর এলাকায় লাগা ওই আগুন দিল্লির দক্ষিণপূর্বাঞ্চলের প্রায় সব এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। তারা বলছেন, রাবার ফ্যাক্টরির ভেতর একটি ট্রাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সেটি বিকেল পাঁচটার দিকে দ্রুত পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।

এদিকে ব্যাপকতা অনেক বেশি হওয়ায় সর্বোচ্চ ক্যাটাগরির আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিভাগ ৩০টির বেশি দমকল ইঞ্জিন পাঠিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা খুব সরু ও ঘনবসতিপূর্ণ হওয়ায় দমকল বাহিনীকে বেশ বেগ পোহাতে হচ্ছে। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী আহত হয়েছেন।

দমকল বিভাগ জানাচ্ছে, রাবার গুদামের এই আগুন পার্শ্ববর্তী ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে বলে তারা আশঙ্কা করছেন। এরইমধ্যে ওই আগুন পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়েছে, তবে ওই ভবনটি খালি।

গুদামের আশপাশের ঘরবাড়িগুলো থেকে ইতোমধ্যে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। এদিকে ওই গুদামের খুব কাছেই সান্ট নিরনকারি পাবলিক স্কুল অবস্থিত। কিন্তু ওই ঘটনার সময় স্কুলে কেউ ছিল না। তাই সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও আকাশে ঘন কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। গুদামটি আবাসিক এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।