বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি বদির বেয়াই বন্দুকযুদ্ধে নিহত

news-image

কক্সবাজার মেরিনড্রাইভ সড়ক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আখতার কামালের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক ও গুলি পাওয়া গেছে। নিহত আখতার কামাল কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর এবং টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

পুলিশের ধারণা, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আখতার কামালের মৃত্যু হয়েছে। মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ টহলে যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের পাশে এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি পড়েছিল। পরে স্থানীয়রা এসে মৃতদেহটি টেকনাফের সাবরারংয়ের ইউপি সদস্য আকতার কামালের বলে শনাক্ত করেন। ঘটনাস্থলে পড়ে থাকা ইয়াবা, বন্দুক ও গুলিগুলো উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত আকতার কামালসহ তিনজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মাঝে বৃহস্পতিবার ভোরে মো. হাসান কলাতলীর পাহাড়ী এলাকায় আর রাত ১০টায় মোস্তাকের মৃতদেহ পাওয়া গেছে মহেশখালীর পাহাড়ী এলাকা বড়মহেশখালীর মুন্সির ডেইল পাহাড়তলী এলাকায়।