সন্ধ্যায় ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে সাকিবদের হায়দ্রাবাদ
বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের আগেও আইপিএলের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। পেয়েছেন শিরোপায় চুমু খাওয়ার স্বাদ। তবে এবার খেলছেন নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। নতুন দলের হয়েও স্বপ্নের ফাইনালের কাছাকাছি চলে এসেছেন সাকিব। ফাইনালের পথে বাধা চেন্নাই সুপার কিংস। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে হারাতে পারলেই রোববারের টিকিট নিশ্চিত হয়ে যাবে সাকিবদের। তবে হারলেও সম্ভাবনা থেকে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে তাদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে খেলাটি।

অন্যদিকে সমান সংখ্যক জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই। ধোনির নেতৃত্বাধীন চেন্নাইর ধারাবাহিকতাও ঈর্ষণীয়। শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু ও ধোনি নিজে আছেন দারুণ ফর্মে। আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলও চেন্নাই। টুর্নামেন্টের ১১ আসরের মধ্যে ৬ বারই ফাইনালে উঠেছে দলটি। এর মধ্যে শিরোপা জিতেছে ২ বার। এছাড়া চলতি আসরে দুইবার সাকিবদের হারিয়েছে তারা। সব মিলিয়ে আজকের ম্যাচে মনস্তাত্ত্বিক ভাবে অনেকটাই এগিয়ে থাকবে চেন্নাই।











