বন্যপ্রাণী চোরাচালানের অন্যতম রুট আফগানিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাঁপছে কাবুল৷ রক্তাক্ত কান্দাহার৷ গত পাঁচ মাসে ১০টি জঙ্গি হামলা, নিহত অন্তত ৩০০৷ কে নেই জঙ্গিদের নিশানায় ? বিদেশি কর্মকর্তা থেকে সেনা কর্মকর্তা, এমনকী শিশুরাও৷ দেশের ৭০ শতাংশ এলাকায় তালেবানদের চোখরাঙানি৷ মানুষের জীবন বাঁচানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জ৷

কিন্তু সেখানেই আর থেমে থাকছে না আফগান প্রশাসন৷ বরং এই কঠিন পরিস্থিতিতেও দেশের বন্যপ্রাণ বাঁচানোর এবং বন্যপ্রাণ সংক্রান্ত অপরাধ রোখার লড়াইয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে চাইছে স্নো লেপার্ড আর টিউলিপের দেশ৷ প্রাথমিকভাবে তাতে কিছু সাফল্য এলেও বন্যপ্রাণ সংরক্ষণে এখনও পর্যন্ত ব্যর্থতাই বেশি৷ কিন্তু কোথাও থেকে শুরু তো করতে হবে, সেটাই আপাতত ভাবছে প্রতি মুহূর্তে তালেবান ও আইএস জঙ্গিদের নিশানায় থাকা দেশটা৷

সম্প্রতি সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (সাওয়েন) একটি আন্তর্জাতিক বৈঠকে কলকাতায় এসেছিলেন আফগানিস্তানের জাতীয় পরিবেশ সংরক্ষণ সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিএম ) গোলাম মুহাম্মদ মালিকিয়ার৷

সেখানেই তিনি জানান, গত ৪-৫ বছর ধরে তারা দেশে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার জন্য আইন ও নীতি তৈরির চেষ্টা করছেন৷ সম্প্রতি এই সংক্রান্ত একটি জাতীয় নীতি তৈরিও হয়েছে এবং বন্যপ্রাণ সংক্রান্ত অপরাধে শাস্তিদানের সুযোগও এসেছে৷ কীভাবে চোরাচালান হয় আফগানিস্তানে?

মালিকিয়ারের কথায়, ‘গত বছর আমরা কান্দাহার সীমান্তে হঠাৎ চারটি পূর্ণবয়স্ক সিংহ উদ্ধার করি৷ কন্টেনারে করে সেগুলি কোথাও পাচার হচ্ছিল৷ অথচ আফগানিস্তানে সিংহ নেই৷ বোঝাই গেল, বাইরে থেকে সেগুলি আনা হয়েছে এবং নজরদারির ফলে পাচারকারীরা পালিয়েছে৷ সিংহগুলো এখন কাবুল চিড়িয়াখানায়৷ দিব্যি রয়েছে।’

একই সঙ্গে তিনি জানাচ্ছেন, ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় দামি উদ্ভিদ, পশুর চামড়া, দেহাংশ, এমনকী নামী-দামি বিদেশি পাখি পাচারের জন্যও আফগানিস্তান সীমান্তকে ব্যবহার করা হয়৷

‘সীমান্ত বলতে কিন্তু সব সময় সরকারিভাবে স্বীকৃত সীমান্ত বলছি না৷ যেমন ইরান, পাকিস্তান বা তাজিকিস্তানের সঙ্গে রয়েছে৷ বলছি সেই সব বেআইনি রুটের কথা, যা গত অনেক বছরের অশান্ত পরিস্থিতির ফলে তৈরি হয়েছে।’

এই পরিস্থিতির মধ্যেও পরিবেশ সংরক্ষণের কাজে নেমে বাছাই করা হচ্ছে দেশের ‘বায়োডাইভার্সিটি হটস্পট’গুলিকে৷ যেখানে মানুষের সঙ্গে পশুর সংঘাত বেশি, সেখানে সচেতনতামূলক কর্মসূচি নেয়া হচ্ছে৷ বন পুনর্গঠন থেকে প্লাস্টিকের ব্যবহার কমানো- সব কিছু নিয়েই প্রকল্প গৃহীত হয়েছে৷ সবথেকে বড় কথা, পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে চোরাচালানের সুরক্ষিত পথ হিসেবে আফগানিস্তানের যে দুর্নাম রয়েছে, সেটা ঘোচাতে বদ্ধপরিকর মালিকিয়ার৷

বিশ্বে স্নো লেপার্ডের অন্যতম বড় বাসস্থান ওয়াখান করিডোরই আফগানিস্তানের সঙ্গে চীন-পাকিস্তান-তাজিকিস্তানের সীমান্ত এলাকায়৷ সেখানে পর্যটকরাও যান৷

জাতিসংঘের তথ্য বলে, প্রতি বছর প্রচুর স্নো লেপার্ড মারা পড়ে বিশ্ব জুড়ে৷ ৫০ শতাংশ মারা পড়ে গ্রামবাসীর হাতে, ২০ শতাংশ মারা যায় অন্য জন্তুর জন্য পাতা জালে পা দিয়ে, আর ২০ শতাংশ খুন হয় সাদা লোমের লোভে৷ ওয়াখান করিডোরে দেড়শো স্নো লেপার্ড ও প্রায় ১৭ হাজার মানুষের বাস৷

মালিকিয়ারের কথায়, ‘এখন ফরেস্ট রেঞ্জার , বনকর্মীদের দল তৈরি হয়েছে৷ বসতি এলাকায় জন্তু-জানোয়ারের হামলা হলে তারা যায়৷ গ্রামবাসীদের বোঝায় বন্যপ্রাণী মারতে নেই৷ সচেতনতা তৈরি হচ্ছে, তবে আস্তে আস্তে৷ সে কাজে ভারতও আমাদের বন্ধুরাষ্ট্র হিসাবে অনেক সাহায্য করছে৷’ কতটা কঠিন এই পথ?

‘কলকাতায় যে বৈঠকে এসেছি, সেটা কাবুলে হওয়ার কথা ছিল৷ সাওয়েন-এর মতো আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা কাবুলে এসে বন্যপ্রাণ বাঁচানোর রুটম্যাপ বানালে তা দেশের জন্য মাইলস্টোন হতে পারত৷ কিন্তু গত ২১ মার্চ কাবুলে আন্তঘাতী বিস্ফোরণে ৩৩ জন মারা গেল৷ তারপরে আর ওখানে বৈঠকের সম্ভাবনা দেখিনি৷ এত দেশের প্রতিনিধি থাকবেন, যদি কিছু ঘটে যায়…’ – বলছিলেন মালিকিয়ার৷

যে দেশে মানুষের প্রাণের দাম নেই, সেখানে এভাবেই বন্যপ্রাণ বাঁচাচ্ছেন দৃঢ় সংকল্প আফগানরা৷ আফগান সীমান্ত এলাকায় ওয়াখান জাতীয় উদ্যানে বন্যপ্রাণ রক্ষার ডাক৷ এখানেই স্নো লেপার্ডের বাসস্থান৷ দেশের অন্যত্রও রয়েছে বেশ কয়েকটি ‘বায়োডাইভার্সিটি হটস্পট’ ইউএনডিপি, উইকিমিডিয়াকমন্স৷ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার