বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে পাঁচ কোটি টাকা সেচ সার্ভিস চার্জ আদায় করেছে বাপাউবো

news-image

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিগত ১০ বছরে প্রায় ১৪ কোটি টাকা সেচ সার্ভিস চার্য ধার্যের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আদায় করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান পানি ব্যবস্থাপনা কৃষিবিদ মাহ্ফুজ আহমদ জানান, বিগত ২০০৭-২০০৮ অর্থ বছর থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরের ৩০ জুন মাস পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ‘সেচ সার্ভিস চার্জ’ বাবদ ১৩ কোটি ৬১ লাখ ৮২ হাজার টাকা ধার্য এবং পাঁচ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা আদায় করেছে। এর মধ্যে ২০০৭-২০০৮ অর্থবছরে দুই কোটি ১৩লাখ ৪৫ হাজার টাকা ধার্য করে ৮৭লাখ ৭৭ হাজার টাকা আদায় করা হয়।

সেচ সার্ভিস চার্য আরোপ ও আদায় প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০০৩ সালে জারি করা ‘সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় প্রবিধানমালা, ২০০৩ (৩১ মে’২০০৫ পর্যন্ত সংশোধিত) [( এস, আর, ও নং-২৮৪ আইন/২০০৩)] এর সংশ্লিষ্ট ধারায় সেচ সার্ভিস চার্য আরোপ ও আাদয়ের জন্য বাপাউবোকে নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ি বাপাউবো’র সেচ প্রকল্পগুলোতে ২০০৭-২০০৮ অর্থবছর থেকে সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় করা হচ্ছে।

সেচ সার্ভিস চার্জ ব্যবহার প্রসঙ্গে প্রধান পানি ব্যবস্থাপনা জানান, সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় প্রবিধানমালা এর ১১ ধারা অনুযায়ি সার্ভিস চার্জ বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা যাবে। প্রকল্প কর্তৃপক্ষ অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়ে সময়ে সময়ে বোর্ডের দেয়া নির্দেশনা অনুসরণপূর্বক ওই প্রকল্পের ও এন্ড এম বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে এতদসংক্রান্ত বাজেট তৈরী করবে। প্রবিধানমালা বিধান সাপেক্ষে কিছু কিছু প্রকল্পে সেচ সার্ভিস চার্জ বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট সেচ প্রকল্পের ‘প্রকল্প কর্তৃপক্ষ’ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো) এর অনুমোদনক্রমে প্রকল্পের ও এন্ড এম খাতে ব্যবহার হচ্ছে। অবশিষ্ট প্রকল্পে সেচ সার্ভিস চার্জ বাবদ আদায় করা অর্থ প্রবিধানমালার ৬(৩) ধারা মোতাবেক প্রকল্প এলাকায় অবস্থিত ব্যাংকে প্রকল্প কর্তৃপক্ষ ও সংগঠনের একজন যৌথ প্রতিনিধির যৌথ স্বাক্ষরে ‘সেচ সার্ভিস চার্জ” নামে যৌথ সঞ্চয়ী হিসাবে গচ্ছিত রয়েছে।