বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণিত ও ইংরেজির উপর জোর দিতে হবে

news-image

সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলকে আনন্দদায়কের পাশাপাশি উদ্বেগজনক বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলেছেন, পাসের হার বেড়েছে কিংবা কমেছে এটা উদ্বেগের নয়। উদ্বেগের বিষয় হলো, আমাদের শিক্ষার্থীরা গণিত এবং ইংরেজিতে অনেক বেশি দূর্বল। । সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি ও গণিতে বাজে ফলের পাশাপাশি মানবিক বিভাগে ফল বিপর্যয়ের ধাক্কায় এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে নয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণ করলে প্রায়ই দেখা যায়, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা নতুন নয়। সাধারণ ইংরেজি ও গণিতেই বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়। অনেক শিক্ষার্থীর মধ্যে এ দুটি বিষয়ে প্রচ- ভীতি কাজ করে। তার ওপর এবার বিশেষ করে গণিত পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে। অনেকটা তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়ায় অনেক শিক্ষার্থীই এটা বুঝে উঠতে পারেনি। এমনকি শিক্ষকরাও কারিকুলাম সম্পর্কে সম্যকভাবে অবগত ছিলেন না। ফলে সার্বিকভাবে ফল বিপর্যয় হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গণিত ও ইংরেজিতে যে মানের শিক্ষক দরকার, দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে সেই মানের বিষয়ভিত্তিক শিক্ষক নেই। গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যাটি আরো প্রকট। এজন্য শিক্ষাবিদরা ওই দুটি বিষয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার কথা বলছেন। পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করা দরকার। ভবিষ্যৎ ফল বিপর্যয় এড়াতে এটি আমলে নিতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার মানে এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। সুনির্দিষ্টভাবে মাধ্যমিক স্তরে শিক্ষার মান আরো হতাশাজনক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক জরিপে উঠে এসেছে, অষ্টম শ্রেণীর অর্ধেকের বেশি শিক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে কাক্সিক্ষত দক্ষতা নেই। এ ধরনের চিত্র উন্মোচন হবে মাধ্যমিক স্তরের অন্য শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রেও।

শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক বলেছেন, দেশে শিক্ষায় সংখ্যাগত দিক বেড়েছে, কিন্তু গুনগত মান বাড়েনি। পাসের হার কিংবা জিপিও ৫ প্রাপ্ত শিক্ষার্থী বাড়ানোয় মনোযোগী হলে চলবে না, সার্বিকভাবে শিক্ষার মান বাড়াতে হবে। আর শিক্ষার মান বাড়াতে হলে অবশ্যই ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। কোচিং নির্ভরতা কমিয়ে আনতে হবে। তিনি পাঠ্য সূচি নতুন করে সাজানোর প্রস্তাব দেন।

অধ্যাপক মনজুরুল ইসলাম বলেছেন, গত কয়েক বছর আমরা দেখেছি পাসের হার অনেক বেশি ছিলো। গত দুই বছর কিছুটা কমেছে। কিন্তু ইংরেজি এবং অংকে ভালো ফল করেনি শিক্ষার্থীরা। গতানুগতিকভাবে পাসের জন্য তারা সিলেবাস নির্ভর শিক্ষা নিচ্ছে। যা পরবর্তীতে সংকট তৈরি করবে। তাই স্কুল গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে।