লন্ডনে শেখ হাসিনা সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (বৃহস্পতিবার) লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনের প্রথম দিনেই দুই প্রধানমন্ত্রীর ব্যস্ত কার্যসূচির মধ্যেও এ দ্বিপক্ষীয় বৈঠক তাদের পরস্পরের প্রতি আন্তরিকতারই বহিঃপ্রকাশ। ভারত আমাদের এক ঐতিহাসিক বন্ধু ও প্রতিবেশী। পররাষ্ট্রনীতিতে বলা হয়, ‘রাষ্ট্র তার বন্ধু বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না, তাই প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বই শ্রেষ্ঠ নীতি।’ সেই সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতিরও মূল কথা, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’ পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী নীতি অনুযায়ী, আমাদের জাতীয় ও আন্তর্জাতিক অর্জনে ভারতের সহযোগিতা প্রয়োজন।
আঞ্চলিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে ভারত এ অঞ্চলে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত এক পরাশক্তি। আর বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে ভারতের রয়েছে শক্তিশালী অবস্থান। ভারত তার এ অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। এদিকে চীন ও পাকিস্তানের সম্পর্ক নিয়েও ভারত চিন্তিত। চীন, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে। এমতাবস্থায় ভারত বাংলাদেশকে অবশ্যই তার পাশে চাইবে। কিন্তু মিয়ানমারকেও সে হারাতে চায় না। ফলে স্বাভাবিকভাবেই ভারত রোহিঙ্গা প্রশ্নে সতর্ক অবস্থানে রয়েছে। এমন অবস্থায় ভারতের অবস্থান বদল সহজ কিছু নয়। কিন্তু আমাদেরও আঞ্চলিক অঙ্গনে ও বৈশ্বিক অর্জনে ভারতকে পাশে রাখতেই হবে।
আঞ্চলিক ও বৈশ্বিক পররাষ্ট্রনীতিতে আমাদের এ মুহূর্তের এজেন্ডা হলো রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গা সমস্যাটি একটি আঞ্চলিক বা দ্বিপাক্ষিক সমস্যা বটে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেই এ সমস্যার বিস্তার। কিন্তু সমস্যাটি বৈশিষ্ট্যগতভাবে ‘আন্তর্জাতিক’। কারণ, বাংলাদেশে চলে আসা রোহিঙ্গারা আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থী। শরণার্থী সমস্যা আন্তর্জাতিক। এ আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে হলে আঞ্চলিক সহযোগিতা যেমন লাগবে, তেমনি লাগবে আন্তর্জাতিক সহযোগিতা। বর্তমানে সমস্যাটি যে আকার-প্রকার ধারণ করেছে, তাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার কোনোটি ব্যতিরেকেই এর সমাধান সম্ভব নয়। শুধু ‘সাহায্য-অনুদান’ দিয়ে এ সমস্যার সমাধান হবে না। বিশ্ববাসীকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে, ১০ লাখ শরণার্থীর বোঝা বাংলাদেশের ঘাড়ে।
বাংলাদেশ সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করেই বিবাদমান সমস্যাগুলো নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এর ইতিবাচক ফলও আমরা পেতে শুরু করেছি।











