দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত ১৭, মোদির শোক, তদন্তের নির্দেশ কেজরিওয়ালের
পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের ওই কারখানার নিচতলায় আগুন লাগে। কারখানার ভেতর প্লাস্টিক এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু বেআইনি নির্মাণের কারণে কারখানা থেকে বের হওয়ার রাস্তা বন্ধ থাকায় শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দিল্লির দমকল বাহিনীর ২০টি ইউনিট ঘটনাস্থল গিয়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী জানিয়েছে, রাত ১১টা পর্যন্ত একতলায় ৩ জনের, দোতলায় ১৩ জন এবং কারখানার বেসমেন্ট থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ধারণা, আতশবাজিতে ব্যবহৃত ফসফরাস থেকে আগুন লেগে থাকতে পারে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। দিল্লি নগর উন্নয়ন মন্ত্রী সত্যেন্দ্র জৈন এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারপিছু পাঁচ লাখ টাকা ও আহতদের জন্য এক লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার রাতেই ঘটনাস্থলে যান কেজরিওয়াল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে যান উত্তর দিল্লির মেয়র প্রীতি আগরওয়ালও।
এদিকে, আগুন লাগার ঘটনায় এরমধ্যে আতশবাজির গুদামের এক মালিক মনোজ জৈনকে পুলিশ আটক করেছে। অন্য মালিক ললিত গোয়েলকে পুলিশ আটক করার চেষ্টা করছে
রোহিনী অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার রঞ্জিস গুপ্তা জানান, মনোজ জৈনের নামে মামলা দায়ের করা হয়েছে। প্লাস্টিকের জিনিস তৈরি করার লাইসেন্সে বেআইনিভাবে ওই আতশবাজির গুদামটি চালানো হতো বলে পুলিশ জানিয়েছে।











