বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে আবারও শরণার্থীবাহী রাবারের একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে শতাধিক শরণার্থী ছিলেন। উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র ১৭ জনকে। আশঙ্কা করা হচ্ছে, বাকিরা হয়তো ডুবে গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার খোমস থেকে যাত্রা শুরু করেন। মাঝপথে নৌকা ডুবে যায়। নৌকার অংশবিশেষ ধরে ১৭ জনকে ঝুলতে দেখেন লিবিয়ার কোস্টগার্ড।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাশিম বলেন, কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে উদ্ধার করতে পেরেছেন। বাকিদের খোঁজ এখনও মেলেনি। অভিযান চলছে।

এদিকে পৃথক দুটি নৌকা থেকে লিবিয়ার কোস্টগার্ড ২৭৯ শরণার্থীকে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন লিবিয়ায় অবস্থান করা আল-জাজিরার প্রতিবেদক। এর মধ্যে ১৭ শিশু ও ১৯ জন নারী রয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

গত সপ্তাহেই লিবিয়া উপকূলে অভিবাসীবাহী এক নৌকা ডুবে অন্তত আটজন নিহত হয়েছিলেন। জীবিত উদ্ধার করা হয় ৮৪ জনকে।