বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট দলের বিদেশ সফরে ব্যয় ৪২ কোটি

news-image

স্পোর্টস ডেস্ক : গত সাত মৌসুমে ঘরের মাঠের তুলনায় বিদেশে কম ম্যাচই খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিদেশের মাটিতে এ সময়ে বাংলাদেশ খেলেছে ১৪ টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া শ্রীলংকা, ভারত সফর করেছে বাংলাদেশ। এ ছাড়া ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরেও অংশ নিয়েছিলেন মাশরাফি-মুশফিকরা।

তবে আইসিসির ইভেন্ট এবং দ্বিপক্ষীয় সিরিজ মিলে বিদেশ সফরে ম্যাচের সংখ্যাটা বেশি না হলেও এই খাতে খরচের অঙ্কটা কম নয়। গত সাত অর্থবছরে বিদেশ সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেছনে বিসিবির খরচ হয়েছে ৪২ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৯০৮ টাকা!

২০১০-১১ মৌসুমে কেবল জিম্বাবুয়ে সফর করে বাংলাদেশ দল। এক টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের পেছনে খরচ হয়েছে এক কোটি ৩৩ লাখ পাঁচ হাজার ৫৬৭ টাকা! অর্থবছরওয়ারি বিদেশ সফরে এ অঙ্কটাই গত সাত মৌসুমের তুলনায় সবচেয়ে কম।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশকে ওপরের দিকে উঠিয়ে আনতে ২০১২ সালের জুলাই মাসে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস সফরের সিদ্ধান্ত বাড়িয়েছে খরচ। আইসিসির ফিউচার ট্যুর প্রজেক্টের (এফটিপি) আওতায় না থাকায় ওই দুটি দেশ সফরে স্থানীয় ক্রিকেট বোর্ডের কোনো আতিথেয়তা পায়নি বাংলাদেশ দল। উল্টো আয়ারল্যান্ডের বেলফাস্ট ও নেদারল্যান্ডসের ডেন হেগের মাঠ ব্যবহারের ভাড়া, ম্যাচ অফিশিয়ালদের সম্মানীসহ প্রতিপক্ষ তিনটি দলের (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড) আবাসন, যাতায়াতসহ যাবতীয় খরচ বহন করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

এই তিন দেশের ক্রিকেট বোর্ডের অনুরোধে তিন ম্যাচের দুটি সিরিজে বিসিবির খরচ ছাড়িয়ে গেছে তিন কোটি টাকা! ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের অভিলাষে র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সেই সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। উল্টো সে সফরে স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের কাছে টি-টোয়েন্টি ম্যাচ হেরে লজ্জা পেতে হয়েছে বাংলাদেশ দলকে।

২০১২-১৩ অর্থবছরে চার টেস্ট, ছয়টি ওয়ানডে ও ১১টি টি২০ ম্যাচ খেলতে বিদেশ সফরে বাংলাদেশ দলের পেছনে বিসিবির ব্যয় সাত কোটি ১৮ লাখ ১৮ হাজার ৩৬৮ টাকা।

বাংলাদেশ দলের বিদেশ সফরে ব্যয় প্রথমবারের মতো ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে ২০১৪-১৫ অর্থবছরে। সে মৌসুমে দুই টেস্ট, ১০ ওয়ানডে ও একটি টি২০ ম্যাচে বাংলাদেশ দলের পেছনে খরচ হয়েছে ১০ কোটি আট লাখ পাঁচ হাজার ১৬২ টাকা! আইসিসির ইভেন্ট হলেও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের পেছনে বিসিবির খরচের অঙ্ক ছয় কোটি ৬৩ লাখ আট হাজার পাঁচ টাকা! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিসিবির খরচে ১৫ দিনের অনুশীলন সুবিধা পাওয়ায় আসরটিতে খরচের অঙ্ক বেড়েছে এতটা! তবে এই খরচকে অপচয় বলার উপায় নেই, কারণ বিশ্বকাপে সেবার কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ দল রচনা করেছিল নতুন ইতিহাস।

অর্থবছরওয়ারি হিসাবে বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশ সফর ব্যয় সবচেয়ে বেশি হয়েছে ২০১৬-১৭ মৌসুমে। সেবার পাঁচ টেস্ট, ১৪ ওয়ানডে, পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দলের সফর ব্যয় ১৫ কোটি চার লাখ ৬৩ হাজার ৫১৭ টাকা! দ্বিপক্ষীয় সফরসূচিতে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলংকা সফর ছাড়াও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছে বাংলাদেশ এ সময়ে। দলের কোচ হাথুরুসিংহের পরামর্শে নিউজিল্যান্ড সফর সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে ১২ দিনের অনুশীলন ক্যাম্প ছাড়াও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের আগে সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করায় সফর ব্যয় বেড়েছে এতটা!