বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবকের মৃত্যু।

road accedendব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২২) সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বাংলাদেশ সময় গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। তার লাশ বাড়ি আসতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। হাবিবুর রহমান জানান, ঘটনার আগের দিনও তিনি ছেলের সঙ্গে কথা বলেন। সোমবার রাতে এক আত্মীয়ের মাধ্যমে খবর পান তার ছেলেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। সেখানে সে একটি বাগানে কাজ করার সময় গাড়িটি চাপা দেয়। তিনি আরো জানান, দুই ছেলের মধ্যে রুবেল বড়। প্রায় সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে ছেলেকে তিনি বিদেশ পাঠান। বিদেশে আয় করে জমানো টাকায় বাড়ি ফিরে জায়গা কিনবে। বাড়িতে আসার পর রুবেলকে বিয়ে করানোও পরিকল্পনা করা হয়। এদিকে রুবেলের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। গত দু’দিন যাবত রুবেলের মা কোনো কথাই বলতে পারছিলেন না। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইতেই তিনি হাউমাউ করে কেঁদে উঠেন। তবে তখনো তিনি কোনো কথা বলতে পারেন নি।

এ জাতীয় আরও খবর