বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তিন তালাক’ দ্রৌপদীর বস্ত্রহরণের সমতুল্য: যোগী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে মুসলিম শরিয়ত আইনের ‘তিন তালাক’ বিধি নিয়ে দ্বন্দ্ব ও বিতর্ক বহু পুরনো। শরিয়ত আইন বিশেষজ্ঞদের মতে, শরিয়ত আইনের তালাক বিধি একটি সামাজিক ব্যবস্থা, যাকে সংবিধান ও আইন বৈধতা দিয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে মুসলিম নারীদের প্রতি অবিচার করা হচ্ছে বলে বহুদিন ধরেই অভিযোগ উঠছে। মোদি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথা নিষিদ্ধ করার দাবি জানান।

রবিবারই ভুবনেশ্বরে তিন তালাক নিয়ে সামাজিক অপশক্তিকে হারিয়ে মুসলিম বোনদের যোগ্য সম্মান দেয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ঠিক একদিন পরই তিন তালাক নিয়ে মুখ খুলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সোমবার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের ৯১তম জন্মদিনের অনুষ্ঠানে তিন তালাককে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করেন যোগী। পাশাপাশি এটি বন্ধ করার পক্ষেও মত দেন তিনি।

তিনি বলেন, দেশে তিন তালাক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এর মধ্যে অনেকেই এই বিষয়ে কোনো মন্তব্য করছেন না। এই ব্যক্তিরা তাকে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের কথা মনে করিয়ে দিয়েছে।

তিন তালাক নিয়ে নিরপেক্ষ অবস্থান নেয়া ব্যক্তিদের আক্রমণ করে তিনি বলেন, আমাদের দেশ এক। তাহলে বিয়ে সংক্রান্ত আইন কেন আলাদা হবে। যারা এই বিষয়ে কোনো মন্তব্য করছেন না, তারাও সমান অপরাধী।

তবে তিন তালাক নিষিদ্ধের প্রচেষ্টা চালিয়ে ভারত মুসলিমদের ধর্মীয় স্বার্থে আঘাত করছে বলে অভিযোগ তুলেছে মুসলিম সমাজ। একইসঙ্গে এই প্রথা নিষিদ্ধ করা হলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেয় মুসলিম ল’ বোর্ড। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর