কাশ্মিরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে শাতাধিক হতাহত
আন্তর্জাতিক ডেস্ক :ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবারের এই ঘটনায় নতুন করে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন।
শনিবার সেখানকার একটি কলেজে পুলিশ আকস্মিক অভিযান চালালে তাতে ক্ষুব্ধ হয় কলেজটির ছাত্রছাত্রীরা। এ অভিযানের প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ করলে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সোমবার রাজধানী শ্রীনগরের প্রধান শহরে ছাত্ররা ইউনিফর্ম পরে বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষো্ভ ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। পরে উপত্যকার অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আগেই পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এনডিটিভির খবরে বলা হয়, তরুণ ছাত্রছাত্রীরা সাদা হেডস্কার্ফ পরে প্রতিবাদে অংশ নেন। এসময় তারা স্লোগান দিতে থাকেন এবং পাথর নিক্ষেপ করতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাটন ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে। এই সংঘর্ষে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী আহত হয়েছেন।
বিক্ষোভে অংশগ্রহাণকারী এক ছাত্রী ইসমা আল জাজিরাকে জানান, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম। আমাদের ভাইদের কলেজের ভেতরে নিষ্পিষ্ট করা হয়েছে। আমরা এটা সহ্য করতে পারি নাই। তাই তাদের সমর্থনে আমরা বেরিয়ে এসেছি।
গত শনিবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা শহরের ওই কলেজটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। এতে ৫০ জনের অধিক ছাত্রছাত্রী আহত হয়, যাদের বেশিরভাগই ছাত্রী। এ ঘটনায় কাশ্মিরের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের ডাক দিয়েছিল নিষিদ্ধ ঘোষষিত ছাত্র সংগঠন কাশ্মির ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন।
পুলওয়ামার ছাত্ররা অভিযোগ করেছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সেনারা ওই এলাকায় ভারত-বিরোধী আন্দোলনে জড়িত ছাত্রছাত্রীদের আটক করতে কলেজটিতে অভিযান চালায়। এসময় সেনারা ছাত্রদের লক্ষ্য করে ছররা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, এখানে আমরা নিপীড়নের সম্মুখীন। এক বছর থেকে আমরা নিপীড়ন ভোগ করছি। আমরা আর এই নিপীড়ন সহ্য করতে পারি না।
সকালের দিকে শ্রীনগরে কাশ্মির ইউনিভার্সিটি ও উইমেন্স কলেজসহ উপত্যকার অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার খবর পাওয়া গেছে।
এদিকে, শনিবারের ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কাশ্মিরের ক্ষমতাসীন দল পিডিপি। অন্যদিকে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ধারাবাহিক টুইটে এ ঘটনায় সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন।
সর্বশেষ জম্মু-কাশ্মিরে উপনির্বাচন বয়কটকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ জন কাশ্মিরি নিহত হয়। এদিন পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে মানবঢাল হিসেবে এক কাশ্মিরি যুবককে জিপের সামনে বেঁধে টহল দেয় ভারতীয় বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে চলমান অস্থিরতা আরও বেড়ে যায়।











