গর্ভকালীন সময়ে যেসব টিকা নেওয়া প্রয়োজন
অনলাইন ডেস্ক : সময়মত সব ভ্যাকসিন বা টিকা নেওয়ার মাধ্যমে আপনি নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। আপনি যদি গর্ভবতী হোন বা সন্তান নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাকে কিছু নির্দিষ্ট টিকা নেওয়া উচিত। কোন টিকাগুলো আপনি নিবেন তা নির্ভর করে আপনার বয়স, জীবনযাত্রা, শারীরিক অবস্থা যেমন- ডায়াবেটিস বা হাঁপানি আছে কিনা, আপনি কোথাও ভ্রমণে যাবেন কি না কিংবা আগে আপনি কি কি টিকা নিয়েছেন তার উপর।
সন্তান নেওয়ার আগে আপনার উচিত যে রুটিন টিকাগুলো দেওয়া হয়, সেগুলো ধাপে ধাপে নেওয়া। জন্মের পর আমাদের দেশে বর্তমানে ইপিআই সিডিউলে যেসব টিকা দেওয়া হয় সেগুলো নেওয়া হয়েছে কি না তা প্রথমেই নিশ্চিত হোন।
গর্ভবতী হওয়ার পূর্বে যে টিকাটি নেওয়া খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রুবেলা টিকা। গর্ভবতী মায়েদের রুবেলার ইনফেকশন হলে সন্তান জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এমনকি জন্মের পূর্বেও সন্তানের মৃত্যু হতে পারে। গর্ভবতী হওয়ার আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন আপনার রুবেলা প্রতিরোধের ক্ষমতা আছে কি না। আমাদের দেশে অধিকাংশ নারীই নয় মাস বয়সেই হামের সঙ্গে রুবেলার টিকার প্রথম ডোজ নিয়ে থাকেন, আর দ্বিতীয় ডোজটি নিয়ে থাকেন ১৫ বছর বয়সে। যদি আপনার রুবেলা টিকা না নেওয়া থাকে, তাহলে দ্রুত টিকাটি নিয়ে নিন। নিশ্চিত করুন, রুবেলার টিকা নেওয়ার কমপক্ষে এক মাস পর আপনি গর্ভধারণ করছেন। অন্যভাবে বললে, রক্ত পরীক্ষার মাধ্যমে রুবেলার প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে তৈরি হয়েছে, এটা নিশ্চিত হয়েই গর্ভধারণ করুন।
হুপিং কাশি এমন একটি রোগ যা গর্ভবতী মায়েদের হলে গর্ভের সন্তানের মারাত্মক সমস্যা হতে পারে, এমনকি নিশ্বাসও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হেপাটাইটিস বি ইনফেকশনের কারণে লিভারের সমস্যা, এমনকি লিভারের ক্যান্সারও হতে পারে। গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি-তে আক্রান্ত থাকেন, তাহলে সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানের এই রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া গর্ভবতী মায়েদের যদি ফ্লু থাকে, তাহলে গর্ভের সন্তানও বিপদের মধ্যে থাকে। মায়ের ফ্লুয়ের কারণে নির্দিষ্ট সময়ের আগেই সন্তান জন্ম নিতে পারে, সন্তানের আকার এবং ওজন কম হতে পারে, এমনকি মারাও যেতে পারে। তাই প্রতিটি গর্ভবতী মায়ের হুপিং কাশি, হেপাটাইটিস বি এবং ফ্লুয়ের টিকা নেওয়া উচিত।
আমাদের দেশে এই তিনটি টিকাই রুটিন ইপিআই সিডিউলে টিটেনাস এবং ডিপথেরিয়ার সাথে তিনবার দেওয়া হয়ে থাকে যথাক্রমে ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ এবং ১৪ সপ্তাহ বয়সে। তাই গর্ভবতী মায়েদের নিশ্চিত হওয়া উচিত বাচ্চাকালে তারা এই টিকাগুলো নিয়েছিলেন কি না। যদি সেই সময়ে না নেওয়া হয়ে থাকে, তাহলে গর্ভধারণের ২৭ থেকে ৩৬ সপ্তাহের মধ্যেই এই তিনটি টিকা একসঙ্গে নেওয়া যেতে পারে।
এছাড়াও গর্ভকালীন সময়ে যেন মা এবং অনাগত সন্তান বিপদমুক্ত থাকেন, সেজন্য প্রতিটি নারীকে ১৫ বছর বয়সে হাম এবং রুবেলার টিকার পাশাপাশি টিটির প্রথম ডোজ, ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ, ৬ মাস পর তৃতীয় ডোজ, ১ বছর পর চতুর্থ ডোজ এবং চতুর্থ ডোজের ১ বছর পর পঞ্চম ও সর্বশেষ ডোজ নিয়ে নেওয়া উচিত।
অনেক সময় গর্ভবতী অবস্থায় মায়েরা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এসব ক্ষেত্রে অবশ্যই তাদের কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহ আগেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত যাত্রাকালে কী ধরনের সতর্কতা নিতে হবে বা কোনো টিকা নিতে হবে কি না। কোন দেশে ভ্রমণে যাবেন সেটার উপরও নির্ভর করে আপনাকে সেই সময়ে বাড়তি কোন টিকাগুলো নিতে হবে। গর্ভবতীকালীন ভ্রমণের সময়ে আপনি যেসব টিকা নিতে পারবেন সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাবিস এবং মেনিনজাইটিসের টিকা।
মনে রাখতে হবে কিছু কিছু টিকা গর্ভকালীন সময়ে একদমই নিতে পারবেন না, যেমন- মাম্পস, হাম, রুবেলা, ভ্যারিসেলা (চিকেন পক্স), বিসিজি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং ইয়েলো ফিভারের টিকা। এছাড়াও টাইফয়েড এবং জাপানিজ এনকেফালাইটিসের টিকা গর্ভকালীন কতটুকু নিরাপদ সে তথ্য পুরোপুরি এখনও পাওয়া যায়নি। তাই এগুলো পরিহার করাই উচিত। একইসঙ্গে যেসব এলাকায় এসব রোগের প্রাদুর্ভাব আছে গর্ভকালীন সময়ে সেসব জায়গায় না যাওয়াই ভালো।
শেষ কথা হচ্ছে, গর্ভকালীন যাতে আপনি এবং আপনার অনাগত সন্তান নিরাপদ এবং সুস্থ থাকে সেজন্য প্রয়োজনীয় টিকাগুলো অবহেলা না করে সঠিক সময়েই নিয়ে নিন।











