কমলা রঙের খাবার কেন খাবেন?
অনলাইন ডেস্ক : স্বাস্থ্য সুরক্ষায় রঙ্গিন ফলমূল বিশেষ করে কমলা রঙ্গের খাবার খাওয়ার বিকল্প নেই। এসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টসহ আরও নানা পুষ্টি উপাদান রয়েছে। এই খাবারগুলো উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে, চোখ এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখাসহ শরীরের আরও নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। একইসঙ্গে দাঁত এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ভালো কাজ করে কমলা রঙ্গের ফলগুলো। তাই পুষ্টিবিদদের পাশাপাশি রূপবিশেষজ্ঞরাও এসব খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।
এবার তাহলে জেনে নিন কেন খাবেন কমলা রঙ্গের খাবার-
মিষ্টি কুমড়া
এই খাবারটি শুধু দেখতেই সুন্দর নয়, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধও। এতে ভিটামিন এ, ই, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে ক্যালরির পরিমাণ কম থাকায় তা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। এছাড়া মিষ্টি কুমড়োর বিচি প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে। তাই সুস্থ থাকতে এই খাবারটি খাওয়া ভালো।
কমলালেবু
ওজন কমাতে ও ত্বক সুন্দর করতে কমলালেবুর জুড়ি মেলা ভার। এতে বিদ্যমান ভিটামিন সি শরীরের জন্য অনেক উপকারী। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, যা দাঁতকে ঝকঝকে ও উজ্জ্বল করতে সাহায্য করে।
গাজর
এটি কাঁচা এবং রান্না করে খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে, সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও পটাসিয়াম রয়েছে। গাজরের বিটা ক্যারোটিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের স্বাস্থ্য রক্ষা করে। কাজেই উজ্জ্বলতা বাড়াতে গাজর খাওয়ার বিকল্প নেই।
অ্যাপ্রিকট
মিষ্টি কমলা রঙের অ্যাপ্রিকট ফলে রয়েছে বিটা ক্যারোটিন। এছাড়া এতে রয়েছে ভিটামিন ই, বি, পটাশিয়াম, মিনারেল, ম্যাগনেশিয়াম, আয়রন ইত্যাদি, যা শরীরে শক্তি জোগায়। এতে বিদ্যমান ক্যারোটিন ক্যানসারের ঝুঁকি কমায় ও টিউমার সৃষ্টিতে বাধা দেয়। পাঁকা অ্যাপ্রিকট শুষ্ক ত্বক নরম করতে ‘ফেসমাস্ক’ হিসেবেও ব্যবহার করা হয়।
পেঁপে
প্রায় সারাবছর পাওয়া যায় অত্যন্ত সহজলভ্য একটি ফল হলো পেঁপে। এটি কাঁচা কিংবা পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। পাঁকা পেপে খেলে মুখে রুচি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া শরীরের আরও নানা রোগ প্রতিরোধে সহায়তা করে পেঁপে।
আম
এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রনসহ নানা প্রয়োজনীয় উপাদান রয়েছে। আমে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। একইসঙ্গে হৃদপিণ্ডের রোগ প্রতিরোধেও সহায়তা করে আম।
স্যামন মাছ
এই মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আলঝেইমারের রোগের হাত থেকে মস্তিষ্ককে সুরক্ষা দেয়। কাজেই সুস্থ থাকতে ডায়েটে এই খাবারটিও রাখতে পারেন।
টমেটো
রসালো টকটকে টমেটো নানা রঙের হয়ে থাকে। এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে। এছাড়া লাইকোপেন নামে এমন এক ধরনের উপাদান রয়েছে, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। আবার কম ক্যালোরি থাকায় স্বাস্থ্য সচেতনদের কাছেও খুবই প্রিয় টমেটো।তথ্যসূত্র: ডিডব্লিউ।











