গান থেকে বিরতি নিচ্ছেন সেলেনা গোমেজ
বিনোদন ডেস্ক: এক সময় চুটিয়ে প্রেম করেছেন জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবারের সঙ্গে। বেশকিছু দিন পর তাদের প্রেমে ফাটলও ধরেছে, কিন্তু তাদের দর্শক-শ্রোতারা ভুলে যাননি তাদের। সেটার প্রমাণ গত মাসে ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ জেতেন প্রাক্তন এই শিল্পী প্রেমিক জুটি। সবকিছু ছাপিয়ে আবারও শিরোনামে এলে সেলেনা। তবে এবার গান করার জন্য নয়, এলেন গান ছেড়ে দেওয়ার জন্য।

অসুস্থতার জন্য গান থেকে নাকি সাময়িক বিরতি নিচ্ছেন সেলেনা গোমেজ। ‘লুপাস’ নামের একটি মানসিক রোগে ভুগছেন এই শিল্পী। সেলেনা বলেন ‘গত এক বছর ধরে লুপাস নামের একটি রোগের সঙ্গে লড়ছি। এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ার অংশ হিসেবে আমি এখন দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক আর অবসাদেও ভুগতে শুরু করেছি।’
সম্প্রতি ‘টুফ্যাব’ নামের একটি অনলাইন ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে ভক্তদের উদ্দেশে সেলেনা বলেন, ‘নিজেকে ভালো রাখার জন্য আমাকে আমার সবটা দিয়ে চেষ্টা করতে হবে। আমি তা-ই করছি। তোমাদের মধ্যেও যারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছো তারাও নিজেদের ভালো রাখার চেষ্টা চালিয়ে যাও।’











