বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীর কাণ্ড!

pori-moni-5বিনোদন প্রতিবেদক: শুটিং স্পটে শুয়ে-বসেই সময় কাটছিল পরিচালকসহ শুটিং ইউনিটের। নায়িকা আসেনি, কখন আসবেন কেউ বলতে পারেন না। ছোট ছোট পাসিং শট নেওয়ার পর দীর্ঘশ্বাস ফেলতেই দিন গেছে ‘রক্ত’ ছবির পরিচালকের। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর স্পটে হাজির হন নায়িকা পরীমনি!

শুটিংয়ের সেটে সময়মতো হাজির হন না তিনি। তাঁর বিরুদ্ধে এ এক পুরোনো অভিযোগ। কিছুদিন আগেও কক্সবাজারে ‘রক্ত’ ছবির শুটিংয়ে ঘটেছিল একই ঘটনা। নায়িকা সময়মতো উপস্থিত না হওয়ায় হঠাৎ বন্ধ করে দিতে হয়েছিল ছবির শুটিং। এমনকি প্রযোজনা সংস্থা ঘোষণা দিয়েছিল, ঈদে মুক্তি পাচ্ছে না ‘রক্ত’। পুনরায় ছবিটির শুটিং শুরু হয়েছে, কিন্তু নায়িকার দেরিতে হাজির হওয়ার অভ্যাসটা রয়ে গেছে আগের মতোই। যথারীতি আবারও সমালোচনার মুখে পড়লেন নায়িকা পরীমনি। গত পরশু সাভারের একটি লোকেশনে ‘রক্ত’ ছবির শুটিংয়েও তিনি হাজির হন নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর।

কল টাইম ছিল সকাল নয়টায়। পরীমনি হাজির হয়েছিলেন বিকেল তিনটায়। শুটিং শুরু করতে সেদিন বিকেল হয়ে যায়। ‘রক্ত’ ছবির পরিচালক ওয়াজেদ আলী জানান, ইউনিটের সবাই সকাল নয়টায় সেটে গিয়ে বসে থাকলেও নায়িকা পরীমনির দেখা নেই। তিনি বলেন, ‘দেরি করে আসলেও পরীমনির অংশের কাজ শেষ করেছি। তবে দৃশ্যগুলো ভালো হয়নি। তিনি সময়মতো হাজির হলে কাজটি ভালো করে করা যেত। এসব নিয়ে আমার আর কিছু বলার নেই। কাজের ভালো-খারাপ প্রযোজনা প্রতিষ্ঠান বুঝুক।’

Porimoni--Inside-এ নিয়ে যোগাযোগ করা হয়েছিল পরীমনির সঙ্গে। তিনি এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাকে এসব কথা কে বলল? এ নিয়ে ইউনিটের কেউ-ই তো আমাকে কিছু বলেনি।’ দেরিতে হাজির হওয়া নিয়ে তিনি বলেন, ‘ওই দিনের আগের রাত দেড়টা পর্যন্ত কাজ করেছি। তাই পরদিন সকালে হাজির হওয়া সম্ভব হয়নি। আর দেরি করে গেলেও তো কোনো সমস্যা হয়নি, হলে তো তাঁরা আমাকে বলতেন। আমরা সবাই হাসিমুখেই কাজ করেছি।’

এ ব্যাপারে পরিচালক বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে কাজ করতে বলা হয়েছে, তাই করছি। সেটে কেউ দেরি করে এলে তা প্রযোজনা প্রতিষ্ঠান বুঝবে। আমি কেন বলতে যাব? আর্টিস্ট যখন আসবে, আমি তখনই কাজ শুরু করব। না এলে প্যাকআপ।’