তালাকের অর্থ দুস্থদের দান
বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে গত মঙ্গলবার। বিবাহবিচ্ছেদের জন্য ৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন অ্যাম্বার।বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাম্বার জানিয়েছেন, তালাকের সম্পূর্ণ অর্থ তিনি নারী কল্যাণ এবং অসুস্থ শিশুদের জন্য দান করবেন।

প্রকাশিত একটি লিখিত বিবৃতিতে জানানো হয়, পুরো অর্থ ‘আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন’ এবং ‘চিলড্রেন হসপিটাল লস অ্যাঞ্জেলেসে’ বন্টন করে দেওয়া হবে। অ্যাম্বার হার্ড জানিয়েছেন, নারীদের সহিংসতার লড়াইয়ে সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে।
জনি ডেপের বিরুদ্ধে করা অ্যাম্বারের শারীরিক নির্যাতনের শুনানির একদিন আগে গত মঙ্গলবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের সুরাহা হয়। যদিও তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন ডেপ। অন্যদিকে এ অভিনেতার অ্যাটর্নির মতে, বিচ্ছেদের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতেই এ অভিযোগ দায়ের করেছেন অ্যাম্বার।
এ দিকে বিবৃতিতে অ্যাম্বার লিখেছেন, ‘ব্যক্তিগত দিক থেকে তালাকের অর্থের কোনো প্রয়োজন আমার নেই। তাই আমি যারা নিজেদের রক্ষা করতে ব্যর্থ তাদের এটি দান করে দিচ্ছি।’
২০১১ সালে দ্য রাম ডায়েরি সিনেমার সেটে পরিচয় হয় জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা।
এরপর গত মে মাসে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত অভিনেতার বিরুদ্ধে মারধরের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। এমনকি গালে মার খাওয়ার দাগ নিয়ে আদালতে হাজির হন অ্যাম্বার। তিনি অভিযোগ করেন ডেপ মোবাইল ফোন ছুঁয়ে তাকে আঘাত করেছেন।











