বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনা পরবর্তী উদ্ধারের জন্যে অ্যাপ

 
পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। এই হার মধ্যম আয়ের দেশগুলোতে আরো বেশি। সড়ক দুর্ঘটনা বর্তমানে বিশ্বের বড় এক সমস্যা। যদিও আমাদের মতো দেশগুলো এর ভুক্তভোগী বেশি তবে উন্নত বিশ্বও এর বাইরে নয়।

app1471347021

তাই সড়ক দুর্ঘটনা স্পষ্ট করে বললে গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার জন্যে এখন অনেক ধরনের গবেষণা হচ্ছে। যেমন গাড়ির ডিজাইনে আসছে পরিবর্তন। পরিবর্তন আসছে প্রযুক্তিতে। গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচতে গাড়িতে ইদানিং যুক্ত হয়েছে এয়ারব্যাগ সিস্টেম। তাছাড়া ক্র্যাশ টেস্ট তো আছেই। তারপরেও দুর্ঘটনা থেকে বাঁচানো যাচ্ছে না মানুষের মূল্যবান জীবন।

তবে এবার সে ব্যবস্থা হচ্ছে। অধিকাংশ দুর্ঘটনায় প্রাণ যায় সময়মত উদ্ধার তৎপরতা না হওয়ার কারণে। কিংবা সময়মত চিকিৎসা না পাওয়ার কারণেও অনেকে বিপদে পড়েন। তাছাড়া দুর্ঘটনায় আহত মানুষের স্বাস্থ্যগত তথ্য অভাবও অনেক সময় সঠিক চিকিৎসার জন্যে বাঁধা হিসেবে কাজ করে। তাই এবার দক্ষিণ আফ্রিকায় তৈরি করা হয়েছে বিশেষ ধরনের অ্যাপ, যা মানুষকে সাহায্য করবে দুর্ঘটনা থেকে সাবধান হতে, এমনকি দুর্ঘটনার পর উদ্ধার কাজেও।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একজন উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তাকারী অ্যাপ তৈরির। জ্যাকো গেরিটস নামের এই ব্যক্তি উদ্ভাবন করেছেন ‘ক্র্যাশডিটেক’ নামের একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীর স্বাস্থ্যগত তথ্য যেমন সংগ্রহ করবে তেমনি এটি তার জিপিএস সিস্টেমের সাহায্যে জানিয়ে দেবে কাছের কোনো হাসপাতাল বা দুর্ঘটনা কোথায় হয়েছে। বিশ্বের অনেক দেশেই ইমারজেন্সি সাহায্যের জন্যে হটলাইন চালু আছে। সেখানে কল করে মানুষ তাৎক্ষণিক সাহায্য চাইতে পারে। কল করে আনা যায় অ্যাম্বুলেন্সসহ ইমারজেন্সির অন্যান্য অনেক সেবা।

কিন্তু আপনি যদি নিজেই প্রচণ্ড অসুস্থ থাকেন বা দুর্ঘটনায় হারিয়ে ফেলেন জ্ঞান তাহলে সাহায্য চাইবেন কীভাবে? এখানেই কাজ করবে এই অ্যাপ। ক্র্যাশডিটেক গাড়ির গতিবিধি বিশেষ করে নড়াচড়া খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। ফলে হঠাৎ করে ঝাঁকুনি বা বড় ধরনের ধাক্কার সঙ্গে সঙ্গে এটা আপনাকে সতর্ক করবে এবং আপনার নির্ধারিত জায়গায় মেসেজ পাঠাবে।

সবচেয়ে বড় কথা আপনি যদি দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারান, তবে ক্র্যাশডিটেক আপনার অবস্থান উদ্ধারকারী দলকে জানাবে। একই সঙ্গে আপনার স্বাস্থ্যগত তথ্য, যেমন আপনার ব্লাড প্রেশার, সুগার বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবে। ফলে আপনার দেহের অবস্থা বুঝে দেয়া হবে আপনার প্রকৃত চিকিৎসা।

তবে এই অ্যাপ কোনো ফ্রি অ্যাপ নয়। এতে আপনাকে নির্দিষ্ট ফি’র বিনিময়ে সাবস্ক্রাইব করতে হবে। এখন পর্যন্ত ক্র্যাশডিটেক ভালো সাড়া ফেলেছে দক্ষিণ আফ্রিকায়। কেননা দক্ষিণ আফ্রিকাও দুর্ঘটনা প্রবন দেশ। তাই দিন দিন এর গ্রাহক বেড়ে চলেছে। দেশটির হাইওয়েগুলো অনেক বিরান। জনমানবশূন্য এলাকায় যদি দুর্ঘটনায় পড়েন, তবে সাহায্য পাওয়া কঠিন। তাই যেসব দেশের রাস্তাঘাট লোকালয় থেকে দূরে বা ঘন বনজঙ্গলের ভেতর দিয়ে গেছে সেখানকার মানুষের জন্যে এই অ্যাপ দারুন উপকারি।

জ্যাকো গেরিটসের আশা তিনি এই অ্যাপ জাম্বিয়া, উগান্ডা এবং গুয়াতেমালায় লঞ্চ করতে চান। এবং আমেরিকাতেও নেয়ার ইচ্ছা আছে। আর দক্ষিণ আফ্রিকার জন্যে এটা বিশাল পাওয়া। কারণ জরিপ অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৩৮ জন মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়। আশা করা যাচ্ছে ক্র্যাশডিটেক তার তৎপরতার মাধ্যমে আহত ব্যক্তিদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে।