ফিরছেন সঞ্জয়-মাধুরী!
বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় জুটি সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত। সাজন, খলনায়কসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় তাদের রসায়ন দর্শকের মন জয় করেছে।পর্দায় তাদের রসায়ন এতটাই গভীর ছিল যে বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত থাকায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে একে অন্যকে এড়িয়ে চলেন তারা।

এদিকে পাঁচ বছরের সাজা ভোগের পর গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। শোনা যাচ্ছে, বিধু বিনোদ চোপড়ার মার্কো ভাউ সিনেমার মধ্যে দিয়ে আবারও বলিউড সিনেমায় ফিরছেন সঞ্জয় দত্ত। আর এই সিনেমায় সঞ্জয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। সবকিছু ঠিক থাকলে ২৩ বছর পর পর্দায় দেখা যাবে এ জুটির রোমান্স।
এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘মাধুরী বিধু বিনোদ চোপড়ার খুব কাছের মানুষ। সম্ভবত তিনি প্রজেক্টটির জন্য তার সম্মতি জানাবেন।’
জানা গেছে, মার্কো ভাউ সিনেমায় সঞ্জয়কে দেখা যাবে এক বাবার চরিত্রে। এছাড়া সিনেমাটির সম্ভাব্য কলাকুশলীর তালিকায় রয়েছে কৃতি স্যানন এবং আথিয়া শেঠীর নাম।










