একশো-দুইশো কোটি আয় নিয়ে আমার চিন্তা নেই
বিনোদন ডেস্ক :বলিউডে যেন এখন পৌষ মাস চলছে। মূল ধারার সিনেমা হলেই হরহামেশায় সেটা একশো থেকে দুইশো-তিনশো কোটি রুপি আয় করে ইতিহাসের জন্ম দিচ্ছে। এই একশো-দুইশো কোটি রুপি আয়ের ক্লাবে যোগ দিতে অভিনেতা-অভিনেত্রীদের দৌড়ঝাঁপের কমতি নেই! অথচ একশো-দুইশো কোটির ক্লাবে যোগ দেয়ার প্রতিযোগিতা নিয়ে মোটেও ভাবিত নন হলিউড ও বলিউডের মেধাবী অভিনেতা ইরফান খান।

নিয়মিত বিরতিতেই বলিউডে একের পর এক ছবি আয় করে যাচ্ছে একশো কোটি, কখনো বা দুইশো, তিনশো কোটি রুপি। অথচ শত কোটি রুপি আয়ের এই প্রতিযোগিতা নিয়ে মোটেও চিন্তা করেন না অভিনেতা ইরফান খান। গত শুক্রবার ভারতের প্রায় এক হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইরফান অভিনীত ছবি ‘মাদারি’। যে ছবিটি নিয়ে বলতে গিয়ে শত কোটি রুপি আয়ের প্রসঙ্গটিও বললেন ইরফান।
নিজের ছবি কত কোটি রুপি আয় করলো এটা নিয়ে ভাবিত নন জানিয়ে ইরফান বলেন, সিনেমার মাধ্যমে দর্শককে বিনোদিত করতে আমি সিনেমা করি। কিন্তু এটা কখনোই মাথায় থাকে না যে আমাকে সিনেমা দিয়ে ১০০ কোটি ২০০ কোটি আয় করতে হবে।শুধু একের পর এক সিনেমা করে স্তুপ করে ফেলতেও আগ্রহী নন ইরফান খান। তিনি মনে করেন ছবির সংখ্যা দিয়ে নয় বরং মানুষ তাকে তার কাজের মধ্য দিয়েই মনে রাখবে।
সম্প্রতি ‘মাদারি’ ছবির প্রচারণায় ইরফানকে দেখা গেছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দু কেজরিওয়াল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। এ বিষয়ে রাজনীতিতে তার নাম লেখানোর ইচ্ছে আছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে ইরফান জানান, রাজনীতি আমার কাজ নয়। আর রাজনীতিতে আমার বিন্দুমাত্র আগ্রহও নেই। আমি রাজনৈতিকদের সাথে শুধুমাত্র আমার ছবিটি নিয়ে কথা বলতেই সাক্ষাৎ করেছি।
এরইমধ্যে শুক্রবারে মুক্তি পাওয়া ইরফান খানের ‘মাদারি’ ছবিটি প্রথম দিনেই আয় করেছে ১.৭৫ কোটি রুপি। ২৪ কোটি রুপি বাজেটের এই সিনেমা ভারতের প্রায় ১০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে। ‘মুম্বাই মেরি জান’-এর সাত বছর পর নিশিকান্ত কুমুতের সিনেমায় অভিনয় করলেন ইরফান।
২২ জুলাই মুক্তির আগে প্রযোজক আয়োজন করেছিলেন একটি বিশেষ প্রদর্শনীর। যেখানে উপস্থিত ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন, বলিউড বাদশা শাহরুখ খান, কঙ্গনা রানাউত, কৃতি স্যানন, দিয়া মির্জা এবং মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলী খানসহ বলিউডের অনেক নামিদামি অভিনেতা ও নির্মাতা।
সদ্য সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত ‘মাদারি’ ছবিতে একজন অপহরণকারীর ভূমিকায় দেখা অভিনয় করেছেন ইরফান। যে অপহরণ করে বসে এক মন্ত্রীর ছেলেকে! আর এই অপহরণের কারণে দেশের প্রসাশনে পড়ে প্রবল সাড়া। অপহরণকারীকে ধরতে সারা দেশে পুলিশের চাঞ্চল্যও লক্ষ্য করা গেছে ছবিটির ট্রেলারে। ইরফান ছাড়াও ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন জিমি শারগিল!











