ঘুমের সমস্যা? জেনে নিন কিছু টিপস
নিউজ ডেস্ক : ঘুমের সমস্যা স্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি৷ রাতে ভালো ঘুম না হলে পরের দিন খুব ক্লান্ত লাগে। সব কিছু কেমন যেন এলোমেলো মনে হয়৷ এমনকি অল্পতেই রাগ বা মেজাজও খারাপ হয়৷ শুধু তাই নয়, কাজে পুরো মনোযোগ না থাকায় হাতের কাজটাও শেষ করা যায় না। তাই চলুন জেনে নেওয়া যাক ঘুমের সমস্যায় যা করবেন-
ঘুমের ট্যাবলেট থেকে সবধানঃ-
রাতে ঘুম না এলে বা বার বার ঘুম ভেঙে গেলে, বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে৷ কারণ রাতের পর রাত ঘুম না হলে শরীরে শক্তির মাত্রা কমে গিয়ে শরীর-মন দু’টোই দুর্বল হয়ে যায়৷ অনেকে তো উপায়ান্তর না দেখে নিয়মিত ঘুমের ট্যাবলেট সেবন করেন৷ কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া পরের দিনেও শরীরে থেকে যায় আর আস্তে আস্তে ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে মানুষ।
একটু দেরিতে বিছানায় যাবেনঃ-
যাঁদের রাতে এক বা দু’বার ওঠার অভ্যাস আছে, তাঁরা একটু দেরিতে বিছানায় যাবেন৷ এর ফলে হয়ত রাতে আর না-ও উঠতে হতে পারে।
ভালো ঘুমের জন্য যা করবেনঃ-
প্রতিদিন একই সময়ে বিছানায় যেতে হবে এবং সন্ধ্যায় খানিকটা হাঁটতে পারলে তা ঘুম আসতে সাহায্য করবে৷ তাছাড়া বিছানায় যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে এক চামচ মধু মিশিয়ে পান করলেই দেখবেন ঘুম আসতে আর দেরি হবে না।
ব্যায়ামঃ-
আমরা সবাই কম-বেশি জানি যে দিনে কোনোরকম কাজ-কর্ম বা শরীরের কোনো ব্যায়াম না করা হলে, রাতে মানুষ ক্লান্ত হয় না৷ এমনটা হওয়া খুবই স্বাভাবিক৷ তাই দিনেরবেলায় নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করতে হবে, কারণ ব্যায়াম উত্তেজনা এবং রিলাক্সেশনের মধ্যে সমতা আনে।
দুপুরে ঘুম নয়ঃ-
দুপুরে না ঘুমালে স্বভাবিকভাবেই মানুষ রাতে একটু বেশি ক্লান্ত বোধ করে৷ তাই যাঁদের রাতে ঘুমাতে সমস্যা হয়, তাঁরা দিনেরবেলায় কখনো ঘুমাবেন না৷ বরং রাতে তাড়াতাড়ি বিছানায় যান, দেখবেন ঘুমও হবে।
রাতের খাবারঃ-
ভালো ঘুমের জন্য রাতের খাবার হতে হবে অবশ্যই হালকা৷ তাছাড়া রাতে ক্যাফিনযুক্ত পানীয় বা অ্যালকোহলকে দূরে রাখতে হবে।











