বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবৃদ্ধিতে আইটি সেক্টর গার্মেন্টস সেক্টরকেও ছাড়িয়ে যাবে

palakনিউজ ডেস্ক : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে আর্থিক প্রবৃদ্ধিতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে দেশের আইটি সেক্টর। এছাড়া আইটি খাতে ১০ বছরে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার সকালে বঙ্গবন্ধু হাইটেক সিটির প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, কালিয়াকৈর হাইটেক পার্ক এখন থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটি। এছাড়া তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে একটি আইটি ইন্সটিটিউট নির্মাণের প্রস্তাবনাও রয়েছে বলে জানান তিনি।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তা বাস্তবায়ন হলে ২০৪১ সালের মধ্যে আর্থিক প্রবৃদ্ধিতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে দেশের আইটি সেক্টর। এছাড়া ১০ বছরে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে এ খাতে।

জুনায়েদ আহমেদ পলক জানান, ৩৩৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক। দেশের সর্ববৃহৎ এ পার্কটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, সিটির ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউজ, স্কুল, কলেজ, ব্যাংক, শপিং মল, আবাসিক এলাকা, শিল্প এলাকা, কনভেনশন সেন্টার প্রভৃতিতে ভাগ করা হয়েছে।
এসময় বঙ্গবন্ধু হাইটেক সিটির এমডি হুসনে আরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ডেভেলপার কোম্পানিগুলোর প্রধান এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।