বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলড্রপে লোপাট হাজার কোটি টাকা

calldropনিউজ ডেস্ক : দিনে একটি কলড্রপ হলে কমপক্ষে ৯ কোটি সিম থেকে মোবাইল কোম্পানিগুলোর প্রতিমাসে লোপাট করছে ২৭০ কোটি টাকা। যদি প্রতিদিন তিনটি কলড্রপ হয়, তাহলে আয়ের পরিমাণ দাঁড়ায় ৮১০ কোটি টাকা। আর যদি কলড্রপের পরিমাণ আরো বেশি হয়, তবে এ আয় কোথায় গিয়ে ঠেকে তা বলা বাহুল্য। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইল ফোন কোম্পানিগুলোর কলড্রপের পরিমাণ প্রতিদিন ১০ এর অধিক। আর এতে কোম্পানিগুলো প্রতিমাসে কয়েক হাজার কোটি টাকা গ্রাহকের পকেট থেকে কেটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মোবাইল ফোন কোম্পানিগুলোর অপারেটরদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আলোচনা হয়, দিনে মোবাইল ফোনে একটি কলড্রপ হলে গ্রাহকরা কোন ক্ষতিপূরণ পাবেন না। তবে একটির বেশি হলেই তার জন্য গ্রাহককে প্রতি কলড্রপে ১ মিনিটে ক্ষতিপূরণ দিতে হবে। বৈঠকে আরো আলোচনা হয়, প্রতি কলড্রপের জন্য ক্ষতিপূরণ হিসেবে এক মিনিট টকটাইম দেওয়ার প্রক্রিয়া আগামী জুন থেকে শুরু হবে। কিন্তু কলড্রপের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য গত জানুয়ারি মাসে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা পাঠায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি চিঠি পাঠালেও এর তদারকি না হওয়ায় ক্ষতিপূরণে ঢিলেমী দেখা দেয়। কারণ ক্ষতিপূরণ কোন প্রক্রিয়ায় দেওয়া হবে বা কীভাবে দেওয়া হবে, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও অপারেটরদের মধ্যে বারবার বৈঠক হলেও কার্যকর হয়নি। ফলে আগামী জুন থেকেও এ প্রক্রিয়া শুরু হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের।

এদিকে কলড্রপ হয় কি না, তা জানার জন্য মোবাইল অপারেটরদের ওপর নির্ভর করতে হয়। আর গ্রাহক যে অভিযোগ দেন তারও কোন দালিলিক প্রমাণাদি থাকে না। কাজেই এ সুযোগে অপারেটরগুলো দুর্নীতি করার সুযোগ পেয়ে যায়। কলড্রপের তথ্য জানতে আর যেন অপারেটরদের ওপর নির্ভর করতে না হয়, সেজন্য বিটিআরসির একটি টিম অপারেটরদের সিস্টেম পরীক্ষা করবে। আর কলড্রপ যাচাই করতে আগামী দুই মাসের মধ্যে যন্ত্রপাতি বসানো হবে। যন্ত্রপাতি বসানো হয়ে গেলে কলড্রপ হচ্ছে কি না তা সহজেই ধরা যাবে। কলড্রপসহ মোবাইল ফোন গ্রাহকদের নানা ভোগান্তির প্রেক্ষাপটে ২০১৫ সালের আগস্টে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বসে দুই মাস সময় বেঁধে দিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম। কলড্রপ সমস্যার সমাধান করতে না পারলে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান বা গ্রাহকদের টকটাইম ফেরৎ দেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখতে ওই সময় বিটিআরসিকে নির্দেশ দেন তারানা। কিন্তু কোথায় যেন সুতোর প্যাঁচ আটকে যায়। থমকে যায় সবকিছু। নতুন বছরে সিম পুণঃনিবন্ধন প্রক্রিয়া চালু হলে গ্রাহকদের হয়রানির কথা সবাই বেমালুম ভুলে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মোটা অঙ্কের ঘুষ লেনদেনের মাধ্যমে মোবাইল অপারেটরগুলো কলড্রপের ক্ষতিপূরণ সংক্রান্ত যে নির্দেশনা ছিল তা থমকে যায়।ধানমণ্ডির ডালিয়া রবি, গ্রামীণ ও এয়ারটেল সিম ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ কথা বলার সময় তার কলটি বারবার কেটে যায়। বিশেষ করে গ্রামীণ ফোন ও এয়ারটেলে কলড্রপের সংখ্যা বেশি হয়। এয়ারটেলে কলড্রপের সংখ্যা কম হলেও এমন অবস্থা দাঁড়ায় যে, কথাই শোনা যায় না। তখন কলটি অবশ্যই কেটে দিতে হয়।গুলশানে থাকেন রনি। তিনিও একাধিক সিম ব্যবহার করেন। তিনি অভিযোগ করে বলেন, প্রত্যেকটি সিম ব্যবহারের সময় কলড্রপ হয়। প্রতিদিন একাধিকবার এ সমস্যা হয়। অনেক সময় গ্রামীণ ফোন ও রবির কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং এ সমস্যা আরো বেড়ে গেছে। তিনি বলেন, একটি দেশের সকল ফোন কোম্পানির যদি একই সমস্যা হয়, তাহলে বুঝতে হবে, এটি সবাই মিলে যুক্তি করে এমনটি করছেন। আর এ কাজে কেউ না কেউ পৃষ্ঠপোষকতা করছে।

এসব অভিযোগের ব্যাপারে গ্রামীণ ফোন সেন্টারের হেড অব কমিউনিকেশনসের আথে যোগাযোগ করেও কোন সদোত্তর মেলেনি। এর আগে ২০১৪ সালে বাংলাদেশের কয়েকটি মোবাইল অপারেটর পরীক্ষামূলকভাবে কলড্রপেক্ষতিপূরণের সুবিধা চালু করে ব্যাপক প্রচার চালালেও পরে কোনো ঘোষণা ছাড়াই তা বন্ধ করে দেয়। এ নিয়ে সরকারের মন্ত্রীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু ক্ষোভের মধ্যেই থেমে থাকে সবকিছু। বিটিআরসি ও আইটিইউ (আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা) নির্ধারিত মান অনুযায়ী, কলড্রপের হার ৩ শতাংশের কম হলে তা হবে মানসম্পন্ন সেবা। তবে বাংলাদেশে ফোন কোম্পানিগুলোর কলড্রপের পরিমাণ অনেক বেশি।