বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জঙ্গিবাদ সৃষ্টি করছে পশ্চিমা গোষ্ঠী’:ইকবাল সোবাহান চৌধুরি

 

 

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমারা জঙ্গিবাদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অপরাধ অনুসন্ধানী অনলাইন দৈনিক ও পাক্ষিক প্রকাশনা প্রাইভেট ডিটেকটিভ’র ১৫ বছরে পদার্পণ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

Ikbal-Sobhan

ইকবাল সোবাহান বলেন, ‘পশ্চিমারা আফগানিস্তানে সন্ত্রাসবাদ তৈরি করেছে। তারা ইরাকে আক্রমণ করে সেখানে সন্ত্রাসবাদ তৈরি করেছে। তারা লিবিয়াতে সন্ত্রাসবাদ তৈরি করেছে। আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আমাদের দেশের ধর্মভীরু মুসলমানরা এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ তৈরি করতে জানে না।

তিনি বলেন, আমাদের দেশে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তা কিন্তু তারা সৃষ্টি করছে। আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়।বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদনে আমাদের গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন তুলেছে। তাদের এই উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই। এদেশের গণমাধ্যমের স্বাধীনতা না থাকে সংবাদ মাধ্যম এত বেশি বিকশিত হতে পারত না।

 

তিনি বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সমাজে শুধু অপরাধ বা অশান্তি সৃষ্টি করছে না, তারা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের কলম, মেধা ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

 

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, লন্ডন ইমিগ্রেশন স্পেশালিস্ট ব্যারিস্টার জিল্লুর রহমান, প্রাইভেট ডিটেকটিভের উপদেষ্টা ব্যারিস্টার সাওগাতুর আনোয়ার খান, বাসসের সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া। সভাপতিত্ব করেন প্রাইডভেট ডিটেকটিভের প্রধান সম্পাদক মনির চৌধুরী।

এ জাতীয় আরও খবর