বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোপের মুখে তিন মন্ত্রী, বিব্রত সরকার-ক্ষুব্ধ দল

1458625331আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেশের সর্বোচ্চ আদালত দ- দেয়ার পর তাদের মন্ত্রিত্ব থাকবে কি না, তা নিয়ে তুমুল বিতর্ক চলছে। অন্য দিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে সদ্য অব্যাহতি পাওয়া ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাথে নিজের দ্বন্দ্ব প্রকাশ্যে টেনে নিয়ে ব্যাপক সমালোচিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক চুরি, লুটপাট ও অনিয়মে তারও দায় রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এভাবে নিজেদের অপকর্মে দলের মধ্যে তোপের মুখে পড়া সরকারের অন্যতম প্রভাবশালী এই তিন মন্ত্রী দল ও সরকারকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছেন বলে অভিযোগ খোদ আওয়ামী লীগ হাইকমান্ডের। ফলে তাদের পদত্যাগের দাবিও উঠেছে দলের বিভিন্ন ফোরামে।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, সোমবার মন্ত্রিসভা বৈঠকে আদালতে দ-িত দুই মন্ত্রী উপস্থিত থাকছেন কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেন তারা। তবে বৈঠকে যোগ দিলেও তারা ছিলেন বেশ বিমর্ষ। অন্য মন্ত্রীরা তাদের উপস্থিতি দেখে বিরক্তির ভাব প্রকাশ করেন। একপর্যায়ে তাদের নিয়ে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক শেষে আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ‘সর্বোচ্চ আদালতে দ-িত হওয়া দুই মন্ত্রীকে নিয়ে হাই কমান্ড চরম বিরক্ত। দল দুই মন্ত্রীর বক্তব্যকে ভালোভাবে নেয়নি। এখন তারা কী করবেনÑ সেটা তাদের বিষয়।’
জানা গেছে, দ-িত দুই মন্ত্রী ছাড়াও বেশ আলোচিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ওপরও চরম বিরক্ত আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। শেয়ারবাজার, ডেসটিনি, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক, সোনালী ও জনতা ব্যাংক কেলেঙ্কারি এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনাসহ ব্যাংক ও আর্থিক খাতে চরম লুটপাট ও অনিয়মে অর্থমন্ত্রীর ওপর বেশ ুব্ধ সরকারের শীর্ষ কর্তাব্যক্তিরা। সর্বশেষ অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উল্লিখিত তিন মন্ত্রীকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। একটি বাংলা দৈনিকে পদত্যাগী গভর্নর আতিউর রহমানের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া সাম্প্রতিক বক্তব্যে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উষ্মা প্রকাশ করেন।
বৈঠকে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়ে আলোচনার সূত্রপাত করেন। পরে একে একে দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্যাহ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম এবং দলের কোষাধ্য এন এইচ আশিকুর রহমানও কথা বলেন। পরে গণমাধ্যমে প্রকাশিত অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গভর্নরের পদত্যাগের পরও তাকে নিয়ে মন্ত্রীর এ রকম প্রকাশ্য বক্তব্য বোধগম্য নয়। আতিউর রহমানের সাথে অর্থমন্ত্রীর ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ বিষয়টি এভাবে পত্রিকায় না নিয়ে এলেই অর্থমন্ত্রী ভালো করতেন বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
ওই বৈঠকে দলের নেতাদের প্রশ্নবাণে পড়েন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৈঠকে আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রীদের ‘লাগামছাড়া’ বক্তব্যের বিষয়ে কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, ‘মন্ত্রীরা এভাবে কথা বললে সরকারের ভাবমর্যাদা সঙ্কটে পড়ে।’
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাগারে আটক মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে ঢাকায় এক আলোচনা সভায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে আপিলের পুনঃশুনানির দাবি তোলেন কামরুল। বিচারাধীন বিষয় নিয়ে একই মঞ্চে ওই দিন কথা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও। তাদের মতে, প্রধান বিচারপতি আপিলের বেঞ্চে থাকলে মীর কাসেম আলী খালাস পেয়ে যেতে পারেন। এই বক্তব্যের পর বিচারিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। তাদের এমন বক্তব্যের পর আদালত অবমাননার অভিযোগ দুই মন্ত্রীকে তলব করবেন আপিল বিভাগ। শেষে আদালতে দেয়া বক্তব্যের ব্যাখ্যা আমলে না নিয়ে দুইজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদ- দেন আপিল বিভাগ।
আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেশের সর্বোচ্চ আদালত এমন দ- দেয়ার পর তাদের মন্ত্রিত্ব থাকবে কি না, তা নিয়ে সবমহলে এখন তুমুল বিতর্ক চলছে। দুইজনের মন্ত্রিত্ব থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘এটি নৈতিকতার প্রশ্ন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।’
তবে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, ‘অনৈতিকতার কারণে সাজা হলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। তা ছাড়া কোনো সংসদ সদস্যের যদি দুই বছরের বেশি সাজা হয় তাহলেও তার সদস্য পদ বাতিল হতে পারে।’ অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘সাংবিধানিক পদধারী ব্যক্তি শপথ ভঙ্গ করলে তারা ওই পদে বহাল থাকার অযোগ্য হয়ে পড়েন।’
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘তাদের মন্ত্রিত্ব থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছের ওপর।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘দুইজন মন্ত্রীকে জরিমানা করে যে সাজা দেয়া হয়েছে তা লঘুদ-। এই শাস্তি আরো বেশি হওয়া উচিত ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে দ- দেয়া হয়। তাতে তার প্রধানমন্ত্রিত্ব পদ চলে যায়। আমরা মনে করি আপিল বিভাগের দেয়া সাজার জন্য দুই মন্ত্রীর স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত।’
অন্য দিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দুই মন্ত্রী আদালতে দোষী সাব্যস্ত হলেও তাদের শপথ ভঙ্গ হয়নি। এখন পদত্যাগ করবেন কি নাÑ এটা তাদের ব্যক্তিগত বিষয়।’
তবে মন্ত্রিত্ব থাকা না থাকা নিয়ে বিতর্কের এমন প্রেক্ষাপটে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিল করবেন বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বিতর্কিত নানা কর্মকা- এবং আদালতে দ-িত হওয়ায় তিন মন্ত্রীকে নিয়ে ক্ষমতাসীন দলের সর্বস্তরের নেতাকর্মী চরম ক্ষুব্ধ। দলের বিভিন্ন ফোরামে পরস্পর আলাপ-আলোচনায় তাদের ক্ষোভের বিষয়টি ফুটে ওঠে। তবে অপকর্মের দায় নিয়ে তারা পদত্যাগ করছেন কিনা বা তাদের সরিয়ে দেয়া হচ্ছে কি না, তা নিয়ে কেউ নিশ্চিত নন।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা আলাপকালে মন্ত্রীদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব মন্ত্রীর অপকর্মে দল ও সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। সেজন্য সরকারের ইমেজ রক্ষায় তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। না হলে ভবিষ্যতে তারা আরো বেশি অপকর্ম করার সাহস পাবে। ‘
দলের সম্পাদকম-লীর একজন নেতা বলেন, ‘দল ও সরকার চরম বিব্রত হলেও উল্লিখিত মন্ত্রীরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন না সেটা প্রায় নিশ্চিত। সেজন্য জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে প্রধানমন্ত্রীর উচিত এসব মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য করা।’
তবে এ নেতা অনেকটাই হতাশা প্রকাশ করে বলেন, ‘এসব মন্ত্রী এবারো হয়তো পার পেয়ে যাবেন। কারণ, এর আগেও পচা গম কেলেঙ্কারি ও দুর্নীতিসহ নানা অভিযোগ প্রমাণ হওয়ার পরও অজানা কারণে তাদের অনেকে পার পেয়েছেন। সেজন্য সরকারকে বেকায়দায় ফেলার পরও দলীয়ভাবে কোনো শাস্তি না দিয়ে রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলা হচ্ছে।’-নয়া দিগন্ত।