অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মির্জা ফখরুল
জনগণের সরকার প্রতিষ্ঠা আর মানবাধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে আসন্ন কাউন্সিলের মাধ্যমে বিএনপি সারাদেশে ফিনিক্স পাখির মত জেগে উঠবে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাফরুলে হালিম ফাউন্ডেশন মডেল স্কুলে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কাফরুল থানা বিএনপির আহবায়ক মরহুম আলী আজগর মাতব্বরের কুলখানি ও স্মরণ সভার আয়োজন করে ওই থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। মির্জা ফখরুল আলী আজগর মাতব্বরের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপি নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভুইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, ইউনুস মৃধা প্রমুখ। দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমাদের ভুলে গেলে চলবে না বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। খালেদা জিয়ার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আসন্ন কাউন্সিলের মধ্য দিয়ে সারাদেশে বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠবে। আমাদের যে অধিকার তা ফিরিয়ে আনতে পারব। ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারব, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে পারব। জনগণের সরকার গঠন করতে আমরা সক্ষম হব। তিনি বলেন, অধিকার ফিরিয়ে আনতে ঐক্য বদ্ধ হতে হবে। এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। আজকে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, বিপদ এসেছে তাতে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সমস্ত দেশ ও জাতি আজ বিপদে পড়েছে। এ জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে যতই মামলা দেওয়া হোক না কেনো তাকে কেউ বাধা দিতে পারবে না। কারণ তিনি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাকর্মীদের যতই হত্যা করা হোক না কেনো তারা আবারো নতুন চেতনা নিয়ে সাহস নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। দেশে রাজনীতি বলে কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের অধিকারগুলো ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা আজ কথা বলতে পারি না, লিখতে পারি না। সংগঠন করতে, সমাবেশ করতে বাধা দেওয়া হয়। এমন একটি পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে। এখন একটি মাত্র দলের পরিচালনায় ও শাসনে এই দেশ চলছে, আমরা এমন দেশ চাইনি। মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র দেখার জন্য ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করেছি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু আওয়ামী লীগ আজ তাদের এক দলীয় শাসন বাস্তবায়নের যে মনোভাব সেটার জন্য গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল একটা তামাশা। পবর্বতীতে সিটি করপোররেশন নির্বাচনও একটা তামাশায় পরিণত হয়েছিল। কিছুদিন আগে পৌরসভা নির্বাচন হয়ে গেল। কয়েক দিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। একই ঘটনার পুনরাবৃত্তি, একই দৃশ্য আমরা দেখতে পাব। তিনি বলেন, আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। প্রায় ৬৩ জন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলই করতে দেয়া হয়নি। দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সফলভাবে দেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এটা নিজেদের স্বার্থে করছে। কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সে জন্যই নির্বাচনের তামাশা করে, প্রহসন করে ক্ষমতা দখল করে রাখতে চায় তারা। দেশের মানুষ সব সময় সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলী, চেীধুরী আলমসহ সারাদেশে চারশ’র বেশি নেতাকর্মী গুম হয়েছেন। গুলি করে হত্যা করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী, জেলে নেয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না। অন্যায়ভাবে তারা দেশের নাগরিককে হত্যা করছে, খুন করছে। তিনি বলেন, এখন দেখা যাচ্ছে, শুধু বিএনপি নয়, ২০ দলই নয়, যারাই প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ত্রাস সৃষ্টি করছে সরকার। যাতে ভয়ে কেউ কথা না বলেন। – See more at: http://www.dailynayadiganta.com/detail/news/99039#sthash.FoJeUkJm.dpuf











