শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আওলাদ হোসেন আর নেই

news-image

বাংলাদেশের সিনিয়র বিনোদন সাংবাদিক আওলাদ হোসেন আর নেই। বৃহস্পতিবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ হোসেন দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। 
এছাড়া তিনি জীবনের শেষদিন পর্যন্ত `ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ` এর সভাপতি পদে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে আওলাদ হোসেন স্ত্রীসহ শাহবাজ হোসেন মুন ও অপরাজিতা হোসেন মীম নামে দুই সন্তান রেখে গেছেন। ছেলে ও মেয়ে দুজনেই বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন।
 
দেশের বিনোদন সাংবাদিকতার তথ্যব্যাংক হিসেবে খ্যাত আওলাদ হোসেনের মৃত্যুতে শোবিজ সংশ্লিষ্ট সবার মধ্যে নেমে আসে শোকের ছায়া।  মোহাম্মদ আওলাদ হোসেন ১৯৬৬ সালের ১৯ আগস্ট ঢাকার ইসলামপুরের নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মৃত মোবারক হোসেন ও মা লুৎফুন্নেসার পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। হাম্মাদিয়া হাইস্কুলের মানবিক বিভাগ থেকে ১৯৮২ সালে এসএসসি, ১৯৮৪ সালে শেখ বোরহান উদ্দীন কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৭ সালে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।
 
প্রবীণ এই সাংবাদিক ১৯৮৭ সালে দৈনিক খবরের ম্যাগাজিন ‘সাপ্তাহিক ছায়াছন্দ’তে সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ ১৫ বছরের কর্মজীবন ছেড়ে ২০০৪ সাল থেকে বর্তমান অবধি দৈনিক মানবজমিন পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
 
এর পাশাপাশি তিনি দৈনিক ইনকিলাব, দৈনিক দিনকাল, দৈনিক যুগান্তর, সাপ্তাহিক চিত্রবাংলা, সাপ্তাহিক মনোরমা, সাপ্তাহিক বর্তমান দিনকাল, সাপ্তাহিক চিত্রালী, পাক্ষিক প্রিয়জন, পাক্ষিক বিনোদন বিচিত্রা, চ্যানেল আইয়ের পাক্ষিক আনন্দ আলো, পাক্ষিক আনন্দ ভুবন পত্রিকায় নিয়মিত আমন্ত্রিত লেখক হিসেবে চলচ্চিত্র ও সংস্কৃতি বিষয়ক কলাম ও প্রতিবেদন লেখেন। সাংবাদিক হিসেবে তিনি দেশের চলচ্চিত্র বিষয়ক প্রতিবেদকদের অধিকার আদায় ও চলচ্চিত্রের উন্নয়নে নিজেকে বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ২০০২-২০০৩ কার্যবর্ষে ‘ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক’পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।