অচেনা দ্বীপের গল্প, আবদুল করিম সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী
এক লোক রাজার দরজায় টোকা মেরে বলল, আমাকে একটা জাহাজ দিন। রাজপ্রাসাদে আরও অনেক দরজা আছে, তবে এই দরজাটা শুধু আর্জি পেশ করার জন্য আলাদা করা। যেহেতু রাজা তাঁর পুরোটা সময় প্রাপ্য নামে দরজায় কাটান (যা কিছু সব রাজারই প্রাপ্য, আপনাকে বুঝতে হবে), যখনই আর্জির দরজায় কেউ টোকা মারে তিনি শুনতে না পাবার ভান করেন। দরজায় লাগানো ব্রোঞ্জের কড়া নাড়ার শব্দ যখন কানের পরদা ফাটানোর হুমকি দেয়,
হয়ে ওঠে নিখাদ কেলেঙ্কারীর সমতুল্য, প্রতিবেশীদের শান্তি হরণ করে (লোকজন ফিসফাস শুরু করবে-সে রাজা কেমন রাজা কড়া নাড়লেও যিনি সাড়া দেন না ), শুধুমাত্র তখনই তিনি তাঁর প্রধানমন্ত্রীকে ডেকে বলবেন-যেহেতু চুপ করানো যাচ্ছে না, দেখুন তো লোকটা কি চাইছে। এরপর প্রধানমন্ত্রী গুরুত্ব অনুসারে দ্বিতীয় মন্ত্রীকে বলবেন, দ্বিতীয় মন্ত্রী বলবেন তৃতীয় মন্ত্রীকে, তৃতীয় মন্ত্রী হুকুম করবেন তাঁর প্রথম সহকারীকে, প্রথম সহকারী নির্দেশ দেবেন দ্বিতীয় সহকারীকে, এভাবে রাজার আদেশ ক্রমশ নীচে নামতে নামতে গিয়ে পৌঁছুবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এক তরুণীর কাছে, যাকে সবাই পরিচ্ছন্ন নারী হিসেবে চেনে। কাউকে হুকুম করবে, এমন কেউ নেই তরুণীর, অগত্যা দরজা সামান্য ফাঁক করে তাকেই জিজ্ঞেস করতে হয়: কি চাই?
আগন্তুক তখন তার আর্জি পেশ করে। ওখানেই, দরজার পাশে, অপেক্ষা করতে বলা হয় তাকে-তার আবেদন এক মুখ থেকে আরেক মুখ হয়ে, অবশেষে রাজার কানে পৌঁছায়। রাজা যেহেতু তাঁর প্রিয় দরজায় উপস্থিত হয়ে খাজনা এবং হাজার রকমের উপহার গ্রহণে সব সময় ব্যস্ত থাকেন, তাই উত্তর দিতে অনেক লম্বা সময় লেগে যায় তাঁর। উত্তর দেয়ার সময় ও সুযোগ যখন পান, যেহেতু রাজা তাঁর প্রজাদের মঙ্গল চান এবং তাদেরকে সুখী দেখতে চান, ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন তিনি-আর্জি সম্পর্কে প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য চেয়ে বসেন। বলাই বাহুল্য যে প্রধানমন্ত্রী দ্বিতীয় মন্ত্রীর কাছে এই একই জিনিস চান, লিখিত বক্তব্য। দ্বিতীয় মন্ত্রীও তাই চাইলেন তৃতীয় মন্ত্রীর কাছে। এভাবে শেষ পর্যন্ত আদেশটা পৌঁছাল কাপড় ও ঘরদোর পরিষ্কার করার দায়িত্বে থাকা সেই তরুণীর কানে। আর্জির জবাবে সে কিছু একটা বলবে, তবে জবাবটা কেমন হবে সেটা নির্ভর করবে তার ওই সময়কার মন আর মেজাজের ওপর।
যাই হোক, যে লোক জাহাজ চাইতে এসেছে, দেখা গেল তার বেলায় ঠিক তা ঘটল না। পরিচ্ছন্ন নারী যখন জিজ্ঞেস করল কি চাই গো তোমার, সে কিন্তু আর সবার মতো টাকা-পয়সা, পদ, পদক বা ক্ষমতা চাইল না; বলল, আমি রাজার সঙ্গে কথা বলতে চাই।
তরুণী জবাব দিলো: তুমি খুব ভালো করে জানো যে রাজা আসতে পারবেন না। কারণ তিনি তাঁর প্রিয় দরজা প্রাপ্যতে দাঁড়িয়ে উপহার আর খাজনা গ্রহণে ব্যস্ত।
ঠিফ আছে, রাজাকে গিয়ে বলো যে তিনি এখানে না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। আমি কি চাই, সেটা জানতে হলে সশরীরে এখানে তাঁকে আসতে হবে।
নিজের কথা বলে আর্জির দোরগোড়ায় শুয়ে পড়ল লোকটা। ঠাণ্ডা লাগছে দেখে একটা চাদর টেনে নিয়ে গায়ে দিলো। এখন যে-ই আর্জির দরজা দিয়ে আসা-যাওয়া করতে চাইবে, ওই লোককে ডিঙিয়ে যেতে হবে তার। সেটা বেশ বড় সমস্যা হয়ে দাঁড়াল। কারণ নিয়ম অনুসারে প্রতিবার মাত্র একজন ওই দরজার সামনে দাঁড়িয়ে নিজের আর্জি পেশ করতে পারবে। এর মানে দাঁড়াল, ওই লোক যতক্ষণ ওখানে শুয়ে থাকবে ততক্ষণ আর কেউ রাজার কাছে কিছু চাইতে বা নিজের উচ্চাকাক্সক্ষার কথা জানাতে পারবে না।
প্রথমে মনে হতে পারে এই সমস্যা থেকে রাজা লাভবান হবেন, কারণ তুলনায় অনেক কম লোকের চাহিদা মেটাতে হবে তাঁকে-এমনকি কারও কোনও চাহিদাই হয়তো মেটাতে হবে না। ওই দরজায় এমন অনেকে আসে যারা তাঁকে দেখে ভেঁউ ভেঁউ করে কেঁদে ফেলে, ইনিয়ে বিনিয়ে নিজেদের কাঁদুনি গাইতে থাকে-অপ্রীতিকর এ-ধরনের পরিস্থিতি থেকেও বাঁচবেন তিনি। কিন্তু দ্বিতীয় বিবেচনায় দেখা যাবে, লোকসান গুনতে হবে রাজাকেই। উত্তর পেতে অসম্ভব দেরি হচ্ছে দেখলে মানুষ প্রতিবাদ জানাবে, তাতে সামাজিক অসন্তোষ ছড়াবে, গ্রাপ্য নামে দরজা দিয়ে খাজনা আর উপহারের যে স্রোত রাজপ্রাসাদে ঢোকে সেটার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিন দিন পর অগত্যা বাধ্য হয়ে আর্জির দরজায় হাজির হলেন রাজা, শুনতে চান লোকটা কি চাইছে। দরজা খোলো, পরিচ্ছন্ন নারীকে বললেন তিনি। সে বলল, একটু, নাকি পুরো দরজা?
এক মুহূর্ত ইতস্তত করলেন রাজা। ভেবে দেখলেন সামান্য একটু ফাঁক দিয়ে নিজের প্রজার সঙ্গে কথা বললে রটে যাবে রাজা বোধহয় ভয় পেয়েছে। পরিচ্ছন্ন নারী ওঁদের কথাবার্তা শুনবে, এবং সুযোগ পাওয়া মাত্র গোটা রাজ্যে ছড়িযে দেবে সব। সবটুকু খোলো, হুকুম করলেন তিনি।
দরজা খোলার আওয়াজ পেয়ে জাহাজ চাইতে আসা লোকটা লাফ দিয়ে ধাপের ওপর সিধে হলো, চাদরটা ভাঁজ করে কাঁধে ফেলল, তারপর অপেক্ষায় থাকল। ইতিমধ্যে তার পেছনে ও দু’পাশে আগ্রহী লোকজনের বেশ বড়সড় ভিড় জমে গেছে। প্রজারা দেখতে এসেছে রাজা কেমন দয়া আর উদারতার পরিচয় দেন। হঠাৎ চাঞ্চল্য শুরু হওয়ায় আশপাশের বাড়ি-ঘরের জানালা খুলে গেল, মানুষজন অবাক হয়ে ঝুঁকে পড়ল, কি ঘটছে দেখতে চায়। যে ব্যক্তি রাজার কাছে জাহাজ চাইতে এসেছে, একা সেই শুধু অবাক হয়নি। সে হিসেবী, এবং তার ধারণা সত্যি প্রমাণিত হয়েছে-তিন দিন পর হলেও সশরীরে আর্জির দরজায় হাজির হতে হয়েছে রাজাকে, এটা জানতে যে তাঁর সঙ্গে কথা বলার জন্য এত দৃঢ়তা দেখাতে পারে কোন সে লোক।
যতই কৌত‚হলী হন, এত লোকের ভিড় দেখে বিরক্ত বোধ করলেন রাজা, মেজাজ ঠিক রাখতে না পেরে লোকটাকে একের পর এক তিনটে প্রশ্ন করলেন তিনি: কি চাও? যেটা দরকার সেটার কথা সোজাসাপ্টা বলোনি কেন? তোমার কি ধারণা আমার আর কিছু করার নেই?
লোকটা শুধু তাঁর প্রথম প্রশ্নের জবাব দিলো, আমাকে একটা জাহাজ দিন।
কথাটা শুনে রাজা এতটাই হকচকিয়ে গেলেন যে পরিচ্ছন্ন নারী তাড়াতাড়ি নিজের ব্যবহার করা পুরোনো চেয়ারটা টেনে এনে বসতে দিলো তাঁকে। এই চেয়ারে বসে সেলাই-ফোঁড়াইয়ের কাজ করে সে, প্রাসাদের আরও অনেক বাড়তি কাজের মতো এটাও করতে হয় তাকে।
চেয়ারে বসে একটু আড়ষ্ট বোধ করছেন রাজা, কারণ তাঁর সিংহাসনের চেয়ে অনেক ছোট এটা। পা দুটোকে নিয়েই বেশি সমস্যা হলো, কোথায় রাখবেন। প্রথমে সামনে লম্বা করে দিলেন, কিন্তু সেটা দেখতে খারাপ লাগছে, শেষমেষ হাঁটু দুটো যতটুকু পারা যায় দু’পাশে মেলে দিলেন।
ওদিকে, যে লোক জাহাজ চাইতে এসেছে, রাজা কখন আবার প্রশ্ন করবেন তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
বসে আরাম পাবার পর রাজা প্রশ্ন করলেন, এই জাহাজ তুমি কেন চাইছ, হে?
লোকটা উত্তর দিলো, জাহাজ চাইছি অচেনা দ্বীপ খুঁজতে বেরুব বলে।
কিসের অচেনা দ্বীপ! হাসি চেপে জিজ্ঞেস করলেন রাজা।
অচেনা দ্বীপ, আবার বলল লোকটা।
আরে, বোকা নাকি! তুমি জানো না, আর তো কোনও দ্বীপ অচেনা নেই! যেখানে যত দ্বীপ আছে, সব তুমি মানচিত্রে পাবে। জাহাজ নিয়ে যে দ্বীপেই তুমি যাও না কেন, এই আমি তোমাকে বলছি, সেটা আর অচেনা থাকবে না।
আমি অচেনা দ্বীপই খুঁজতে বেরুব।
রাজা এবার সিরিয়াস হয়ে উঠলেন, জানতে চাইলেন, তুমি কি এই দ্বীপের কথা কাউকে বলতে শুনেছ?
না, কেউ আমাকে কিছু বলেনি।
তাহলে তো বোঝা যাচ্ছে না কেন তুমি জেদ ধরছ যে অচেনা দ্বীপের অস্তিত্ব আছে। যে জিনিস নেই, তুমি সেটা খুঁজতে যাবে বলে আমার কাছে জাহাজ চাইতে এসেছ।
হ্যাঁ, আমি আপনার কাছে জাহাজ চাইতে এসেছি।
তুমি কে হে যে আমি তোমাকে একটা জাহাজ দেবো।
আপনিই বা কে যে আমাকে একটা জাহাজ দিতে অস্বীকার করবেন?
আমি এই রাজত্বের মালিক, সবাই জানে আমি এখানকার রাজা, এবং এই দেশের সব নৌকা আর জাহাজ আমার।
ওগুলো আপনার, ঠিক আছে, কিন্তু তারচেয়ে বেশি আপনিও ওগুলোর।
কী বলতে চাও তুমি? চিন্তিত রাজা প্রশ্ন করলেন।
আমি বলতে চাইছি, ওগুলো ছাড়া আপনি কিছু না, অথচ আপনাকে ছাড়া ওগুলো সাগর পাড়ি দিতে পারবে।
সেটা পারবে আমার হুকুমে, আমার নাবিক আর মাঝি-মাল্লাদের নিয়ে।
কিন্তু আমি আপনার কাছে নাবিক বা মাঝি-মাল্লা চাইনি, আমি শুধু আপনার কাছে একটা জাহাজ চেয়েছি।
আর এই অচেনা দ্বীপের ব্যাপারটা কি হবে, ওটা যদি তুমি খুঁজে পাওই? ওটা কি আমার হবে?
আপনি, হুজুর, শুধু ইতিমধ্যে পরিচিত দ্বীপ সম্পর্কে আগ্রহী।
না, আমি অচেনা দ্বীপ সম্পর্কেও আগ্রহী, একবার সেটা চেনা হয়ে গেলে।
হতে পারে এটা নিজেকে চেনা দ্বীপ বলে স্বীকার করবে না।
তাহলে আমি তোমাকে কোনও জাহাজ দেবো না।
হ্যাঁ, আপনি দেবেন।
ভিড় করা প্রজারা যখন লোকটার এরকম বলিষ্ঠ বক্তব্য শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারিত হতে শুনল, উজ্জীবিত এবং অনুপ্রাণিত বোধ করল তারা, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেলল ওই লোকের সমর্থনে নাক গলাবে, যতটা না একাত্ম অনুভব করায়, তারচেয়ে বেশি অসহিষ্ণু হয়ে ওঠায়-দরজা থেকে তাকে সরাতে পারলে তারা নিজেরা রাজার সামনে দাঁড়াতে পারবে, পেশ করতে পারবে যার যার আর্জি। তারা সবাই একযোগে চেঁচাতে লাগল: ওকে জাহাজ দিন! ওকে জাহাজ দিন!
রাজা মুখ খুলে পরিচ্ছন্ন নারীকে বললেন, প্রাসাদ প্রহরীদের ডাকো, তারা শৃংখলা আর শান্তি ফিরিয়ে আনুক।
কিন্তু আশপাশের বাড়ি থেকে পিল পিল করে বেরিয়ে এলো লোকজন, যোগ দিলো কোরাসে: ওকে জাহাজ দিন! ওকে জাহাজ দিন!
রাজা ভাবলেন এখানে যত বেশিক্ষণ থাকবেন তিনি, ততই ক্ষতি, কারণ তাঁর অনুপস্থিতিতে ওদিকে খাজনা আর উপহারের স্রোত বন্ধ হয়ে আছে।
হাত তুলে সবাইকে চুপ করার নির্দেশ দিলেন তিনি, তারপর বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা জাহাজ দেবো, কিন্তু মাঝি-মাল্লা দিতে পারব না, কারণ চেনা দ্বীপের জন্যে ওদের সবাইকে আমার দরকার হবে।
রাজাকে ধন্যবাদ জানাল লোকটা, যদিও উপস্থিত দর্শক-শ্রোতাদের উল্লসিত চিৎকার-চেঁচামেচিতে সেটা চাপা পড়ে গেল। তবে এরপর রাজা যা বললেন সবাই সেটা শুনতে পেলো: জেটিতে চলে যাও, কথা বলো বন্দর প্রধানের সঙ্গে। বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তোমাকে একটা জাহাজ দিতে বলেছি-এই নাও আমার চিরকুট।
যে ব্যক্তিকে জাহাজ দেয়া হবে চিরকুটটা পড়ল সে। পরিচ্ছন্ন নারীর কাঁধে কাগজ রেখে দু’তিনটে লাইন লিখে তার নীচে সই করেছেন রাজা: এই চিরকুটের বাহককে একটা জাহাজ দেবে। তবে সেটা খুব বড় জাহাজ না হলেও চলবে। দেখবে সেটা যেন নিরাপদ হয়, এবং সাগরে অভিযান চালানোর উপযোগীও হওয়া চাই। আমি চাই না তার কপালে খারাপ কিছু ঘটলে আমার বিবেকে হানা দিক সে।
উপহার পাওয়ার বিনিময়ে দ্বিতীয়বার ধন্যবাদ দেয়ার জন্য লোকটা যখন মুখ তুলল, রাজা তখন তার কথা শোনার জন্য সেখানে অপেক্ষায় নেই। সে দেখল একা শুধু পরিচ্ছন্ন নারী দাঁড়িয়ে আছে ওখানে-কেন কে জানে খুব চিন্তিত দেখাচ্ছে তাকে।
দোরগোড়া থেকে সরে দাঁড়াল লোকটা, বাকি লোকজন যাতে সেখানে পৌঁছুতে পারে। সে সরে যেতে লোকজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, কে কার আগে যাবে। কিন্তু হায়, ইতিমধ্যে আবার রাজপ্রাসাদের ওই দরজা বন্ধ হয়ে গেছে। ব্রোঞ্জের কড়া ধরে ঝাঁকাতে লাগল ওরা, ভাবছে পরিচ্ছন্ন নারী দরজা খুলে দেবে। কিন্তু ওখানে নেই সেই তরুণী, নিজের বালতি আর ঝাড়ু নিয়ে চলে গেছে আরেক দিকে।
পরিচ্ছন্ন নারী আরেক দরজা দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েছে, যেটার নাম সিদ্ধান্ত। সিদ্ধান্ত নামের এই দরজা খোলা একটা বিরল ঘটনাই বলতে হবে। সহজে খোলে না, কিন্তু যখন খোলে তখন ধরে নিতে হবে কেউ একজন খুব কর্ঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে।
পরিচ্ছন্ন নারীর চেহারায় চিন্তিত ভাব ছিলো, এখন সেটার কারণ পরিষ্কার হচ্ছে। ওই মুহূর্তে প্রাসাদের চাকরি ছেড়ে ওই রহস্যময় লোকের সঙ্গে সাগরে যাবার সিদ্ধান্ত নিচ্ছিল সে। লোকটা যাচ্ছে জেটিতে, রাজার দেয়া উপহার বুঝে নিতে, তার সঙ্গে সেও যাচ্ছে। সেলাই করে আর কাপড় ধুয়ে, ঘর মুছে আর ঝুল ঝেড়ে জীবনের অনেকটাই দেখা হয়ে গেছে তার। এবার একবার নাহয় কাজ বদল করে দেখুক না। পরিষ্কারের কাজই করবে, তবে এবার কাপড়চোপড় বা ঘরদোর নয়-জাহাজ। আর যাই হোক, সাগরে তাকে অন্তত পানির অভাবে ভুগতে হবে না।
লোকটার কিন্তু কোনও ধারণা নেই ইতিমধ্যে তার কাজ করে দেয়ার অন্তত একজন মানুষ যোগাড় হয়ে গেছে, তার পিছু নিয়ে আসছে সে, জাহাজের ডেক ধোবে, অন্যান্য সমস্ত ধোয়াধুয়ির কাজও করবে, অথচ এখনও সে কাউকে চাকরি দিতে শুরু করেনি। আসলে এভাবেই সাধারণত ভাগ্য আমাদের সঙ্গে খেলে, আমাদের ঠিক পেছনেই থাকে আনন্দ বা সহায়তা, দেখা যাবে আগেই কাঁধ ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেয়া হয়েছে, নিজেরা তখনও বিড়বিড় করে খেদ প্রকাশ করছি।
খানিক দূর হেঁটে বন্দরে পৌঁছুল লোকটা, প্রশ্ন করে জেনে নিলো কোথায় পাওয়া যাবে বন্দর ও জেটি প্রধানকে। অপেক্ষার সময় জেটিতে নোঙর ফেলা ছোটবড় অসংখ্য জাহাজের ওপর চোখ বুলাচ্ছে সে, ভাবছে কে জানে তার কপালে কি রকম জাহাজ জুটবে। রাজা বলে দিয়েছেন জাহাজটা হতে হবে নিরাপদ, এবং সাগরে অভিযান চালানোর উপযোগী।
অল্প একটু দূরে, কিছু ড্রামের আড়াল থেকে পরিচ্ছন্ন নারীও জাহাজগুলোর ওপর চোখ বুলাচ্ছে। আমার ওই বোটটা পছন্দ, একটাকে পছন্দ করল সে, যদিও জানে তার পছন্দ বা অপছন্দে কিছু আসে যায় না। তাকে তো এমনকি কাজ করানোর জন্য রাখাও হয়নি। তবে, সে ভাবল, প্রথমে বন্দর প্রধান কি বলেন শোনা দরকার।
খবর পেয়ে বন্দরপ্রধান পৌঁছালেন, রাজার পাঠানো চিরকুট পড়লেন, লোকটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালেন, তারপর এমন একটা প্রশ্ন করলেন যেটা তাকে গাফলতি করে রাজা জিজ্ঞেস করেননি: তোমার কি সাগরে জাহাজ চালানোর অভিজ্ঞতা আছে? নাবিক হবার জন্যে ট্রেনিং নিয়েছ?
লোকটা জবাব দিলো, আমি সাগরে গিয়ে শিখে নেবো।
জেটি প্রধান বললেন, আমি এটা সমর্থন বা সুপারিশ করি না। আমি একজন ক্যাপটেন, কাজেই পুরোনো একটা জাহাজ নিয়ে কক্ষনো সাগরে যাব না।
তাহলে দেখেশুনে ভালো একটা জাহাজ…না, সেরকম না; আপনি আমাকে এমন একটা জাহাজ দিন যেটাকে আমি সমীহ করতে পারব, সেটাও আমাকে সমীহ করবে।
এই তো নাবিকের মতো কথা হলো, অথচ তুমি বাপু মোটেও নাবিক নও।
আমি যদি নাবিকের মতো কথা বলে থাকি, তাহলে নিশ্চয়ই আমি একজন নাবিক।
জেটি প্রধান রাজার চিরকুটটা আবার পড়লেন। তারপর জানতে চাইলেন, তুমি আমাকে জানাতে পারো কি কারণে একটা জাহাজ দরকার তোমার?
জাহাজ নিয়ে আমি অচেনা দ্বীপ খুঁজতে যাবো।
অচেনা দ্বীপ বলে আর কিছু নেই।
রাজাও আমাকে তাই বলেছেন।
দ্বীপ সম্পর্কে তিনি সব কিছু আমার কাছ থেকে শুনে বলেন।
এটা খুব অদ্ভুত যে আপনি সাগরের একজন মানুষ হয়ে আমাকে শোনাচ্ছেন অচেনা দ্বীপ বলে আর কিছু অবশিষ্ট নেই। আমি ডাঙার একজন মানুষ, অথচ আমিও জানি যে এমনকি চেনা দ্বীপও অচেনা থেকে যায় যদি না সেখানে আমরা পা না ফেলি।
কিন্তু, আমার যদি বুঝতে ভুল না হয়ে থাকে, কারও পা পড়েনি এমন দ্বীপ খুঁজতে যাচ্ছ তুমি।
হ্যাঁ, ওখানে পৌঁছালে সেটা আমি বুঝতে পারব।
যদি ওখানে পৌঁছাও।
কেন, যাবার পথে জাহাজডুবির ঘটনা ঘটে না? আমার বেলা সেরকম যদি কিছু ঘটে, আপনি বন্দরের প্রধান হিসেবে রেকর্ড রাখবেন-অমুক সাগরের অমুন জায়গা পর্যন্ত পৌঁছুতে পেরেছিলাম আমি।
বলতে চাইছ তুমি সব সময় কোথাও না কোথাও পৌঁছাও?
এটা যদি আপনি না জানেন তাহলে এই মানুষটা আপনি নন।
বন্দরপ্রধান বললেন, যেমনটি দরকার সেরকম একটা জাহাজ তুমি পাবে। ওই বোট অনেক কাল আগের, সবাই যখন অচেনা দ্বীপ খুঁজতে বেরিয়ে পড়ত, তাই ওটার অভিজ্ঞতাও অনেক বেশি। এমনকি কিছু অচেনা দ্বীপ ওটা খুঁজেও দিয়েছিল। ওই যে, ওটা।
বন্দরপ্রধান হাত তুলে একটা জাহাজ দেখালেন। তারপর আবার বললেন, ওটা একটা ক্যারাভেল-হালকা, ছোট, কিন্তু ছোটে খুব জোরে।
কাকতালীয়ই বটে, এই জাহাজটাই পছন্দ করেছে পরিচ্ছন্ন নারী। বন্দরপ্রধান হাত তুলে কোন জাহাজটাকে দেখাচ্ছেন, আড়াল থেকে লক্ষ করল সে। ড্রামের আড়াল থেকে বেরিয়ে আসছে, ‘ওটা আমার জাহাজ! ওটা আমার জাহাজ!’ বলে চেঁচাচ্ছে।
তার এই মালিকানা দাবি যতই অস্বাভাবিক আর অহেতুক হোক, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে হবে, কারণ সত্যি সত্যি ওটার মালিকানা সে চাইছে না।
লোকটা বলল, জাহাজটা বেশ পুরোনো।
তাই মেরামতও করা হয়েছে অনেক বার, এবং প্রতিবার মেরামত করার পর দেখা গেছে ওটা আগের মতো নেই, বদলে গেছে। ওটার মাস্তুল আর পাল খুব ভালো। অচেনা দ্বীপ খুঁজতে গেলে ওগুলো ছাড়া তোমার চলবে না।
এবার আর নিজেকে ধরে রাখতে পারল না পরিচ্ছন্ন নারী। সে বলল, আমাকে যদি জিজ্ঞেস করো, ওটা আমার খুব পছন্দের জাহাজ।
লোকটা বলল, কিন্তু তুমি কে?
কি আশ্চর্য, আমাকে তোমার মনে নেই?
না, নেই।
আমি সব কিছু পরিচ্ছন্ন রাখি, তাই আমার নাম পরিচ্ছন্ন নারী।
তুমি কি কি পরিচ্ছন্ন রাখো?
রাজার প্রাসাদ। রাজকীয় পোশাক-আশাক। যে মেয়েটা আর্জির দরজা খুলে দেয়, আমি সেই মেয়ে।
তাহলে তুমি তোমার কাজে ফিরে যাওনি কেন? ওখানে ধোয়ামোছা আর দরজা খোলাই তো তোমার কাজ।
কারণ যে দরজা সত্যি আমি খোলা দেখতে চেয়েছিলাম সেগুলো সব ইতিমধ্যে খুলে গেছে, আর তাই এখন থেকে আমি শুধু জাহাজ পরিষ্কার করব।
তারমানে তুমি আমার সঙ্গে অচেনা দ্বীপ খুঁজতে যেতে চাও।
আমি সিদ্ধান্ত নামের দরজা দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছি।
সেক্ষেত্রে, যাও, জাহাজটা একবার ঘুরেফিরে দেখো। কতদিন ব্যবহার করা হয় না, নিশ্চয়ই অনেক ধুলোবালি জমেছে, ভালো একটা ধোলাই হওয়া দরকার। তবে গাংচিল সম্পর্কে সাবধান, ওদেরকে বিশ্বাস করা যায় না।
তুমি আমার সঙ্গে এসে দেখতে চাও না তোমার জাহাজের ভেতরটা কেমন?
তুমি না তখন বললে ওটা তোমার জাহাজ।
কি বলে ফেলেছি, সেজন্যে দুঃখিত। কথাটা আমি বলেছিলাম ওটা আমার পছন্দ হয়েছে বলে।
মালিকানার সবচেয়ে ভালো ধরন সম্ভবত পছন্দ, আর পছন্দের সবচেয়ে বাজে ধরন মালিকানা।
ওদের আলাপে বাধা দিলেন বন্দর প্রধান। বললেন, মালিকের হাতে জাহাজের চাবি তুলে দিতে চাই আমি। সেটা কে, নির্ভর করে তোমাদের ওপর। দুজনের যেই মালিক হও, আমার খারাপ বা ভালো লাগার কোনও ব্যাপার নেই।
জাহাজেরও তাহলে চাবি আছে? জিজ্ঞেস করল লোকটা।
জাহাজে চড়তে চাবি লাগে না, না; তবে জাহাজের ভেতরে কিছু আলমারি, দেরাজ, লকার ইত্যাদি আছে, আরও আছে লগবুক সহ ক্যাপটেনের ডেস্ক।
সব এই মেয়েটার দায়িত্বে থাকল, আমাকে এখন মাঝি-মাল্লার খোঁজে যেতে হচ্ছে। কথা শেষ করে চলে গেল লোকটা।
চাবি নিয়ে জাহাজে চড়ল পরিচ্ছন্ন নারী। ওখানে দুটো জিনিস তার খুব উপকারে লাগল-একটা রাজপ্রাসাদ থেকে নিয়ে আসা ঝাড়–, আরেকটা গাংচিল সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ। জাহাজের গায়ে সেঁটে থাকা গ্যাঙপ্ল্যাঙ্ক ধরে মাত্র অর্ধেকটা উঠেছে, তার ওপর ঝাঁপিয়ে পড়ল কুৎসিত পাখিগুলো, তাদের কর্কশ চেঁচানিতে কান পাতা দায়, ঠোঁট এমনভাবে খুলে রেখেছে যেন ওখানেই খেয়ে ফেলবে মেয়েটাকে। কিন্তু ওগুলোর কোনও ধারণা ছিলো না কার সঙ্গে লাগতে গেছে। পরিচ্ছন্ন নারী হাতের বালতি নামিয়ে রাখল, চাবির গোছা গুঁজল বুকের ভাঁজে, গ্যাঙপ্ল্যাঙ্কে শক্ত হয়ে দাঁড়াল, তারপর বন বন করে চারদিকে ঘোরাল ঝাড়–টা। চিল বাহিনী পালাতে দিশে পেলো না।
জাহাজে ওঠার পর গাংচিলদের ওরকম খেপে থাকার কারণ দেখতে পেলো মেয়েটা। অনেক দিন খালি পড়ে থাকায় জাহাজের সবখানে বাসা তৈরি করা হয়েছে, সেগুলোর বেশিরভাগ পরিত্যক্ত হলেও, অনেক বাসায় বাচ্চা ফুটেছে, আবার কিছু বাসায় ডিমে তা দেয়া চলছে। সদ্য ফোটা বাচ্চা গুলো হাঁ করে আছে-জানা কথা, খাবারের আশায়।
এসব নাহয় ঠিক আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি তো এরকম থাকলে চলবে না। তোমাদের বাসা তোমরা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাও। জাহাজকে তো রওনা হতে হবে। শোনো তাহলে, আমরা অচেনা দ্বীপ খুঁজতে বেরোচ্ছি, বুঝলে! এটাকে মুরগির খাঁচা মনে হলে তো চলবে না।
খালি বাসাগুলো পানিতে ফেলে দিলো মেয়েটা, বাকিগুলো আপাতত থাকল। তারপর কোমরে কাপড় পেঁচিয়ে ডেক পরিষ্কার করতে লেগে গেল সে। নোংরা কাজটা শেষ করার পর লকার খুলে সতর্কতার সঙ্গে পালগুলো পরীক্ষা করল। অনেক দিন ব্যবহার না করায় পালগুলোর কিনারা ভাঁজ খেয়ে গেছে, কোথাও কোথাও সুতো উঠে গেছে-সেলাই করতে হবে। পাল হলো একটা জাহাজের পেশি। আমরা শুধু ওগুলোকে বাতাসে ফুলতে আর টান টান হতে দেখি, কিন্তু সব পেশির মতো নিয়মিত ব্যবহার করা না হলে ওগুলোও দুর্বল হয়, নেতিয়ে পড়ে। যাক, সেলাইয়ের কাজ জানা থাকায় সব ঠিক করে নিতে তার কোনও সমস্যা হবে না।
কিন্তু বাকি লকার পরীক্ষা করে হতাশ হতে হলো পরিচ্ছন্ন নারীকে। গানপাউডারের লকারে গানপাউডার নেই। কালো কিছু ধুলো চোখে পড়ল, ইঁদুরের শুকনো বিষ্ঠা বলে সন্দেহ হলো তার। সবচেয়ে যেটা চিন্তার বিষয়, খাদ্যবস্তু রাখার লকারে খাবার কোনও জিনিসই নেই। চিন্তাটা নিজের জন্য না, কারণ রাজার প্রাসাদে এঁটোটাই খেতে দেয়া হতো তাকে, তাও পরিমাণে খুব কম। চিন্তা ওই লোককে নিয়ে, এই জাহাজ যাকে দেয়া হয়েছে।
একটু পরই সূর্য নেমে যাবে। পেটে প্রচন্ড খিদে নিয়ে ফিরে আসবে লোকটাÑসব পুরুষই যেমন ঘরে ফেরে খিদে নিয়ে, যেন একা শুধু তাদেরই পেট আছে, আর সেটা নিয়মিত ভরারও প্রয়োজন। তার ওপর সে যদি আবার মাঝি-মাল্লা যোগাড় করে আনে, তাহলে তো কথাই নেই। এ-ধরনের লোকজন সব সময় অসহ্য খিদেতে ভোগে। অথচ, মেয়েটা ভাবল, আমি জানি না তাদেরকে কি খেতে দেবো।
তার এত চিন্তা না করলেও চলত। সাগরে সূর্য মাত্র ডুবছে, জেটির শেষ মাথায় জাহাজ উপহার পাওয়া লোকটাকে দেখা গেল। সে একা, মনমরা, তবে তার হাতে একটা প্যাকেট রয়েছে।
গ্যাঙপ্ল্যাঙ্ক ধরে নীচে নেমে এসে তার জন্য অপেক্ষায় থাকল মেয়েটা। তবে সারাটা দিন কেমন গেছে, এ-কথা বলার জন্য মুখ খোলার আগেই লোকটা তাকে বলল, চিন্তা করো না, আমি দুজনের জন্যেই প্রচুর খাবার এনেছি।
কিন্তু মাঝি-মাল্লা? জিজ্ঞেস করল মেয়েটা।
সেটা তো তুমি দেখতেই পাচ্ছ, কেউ আসেনি।
কিন্তু তাদের দু’একজন অন্তত এ-কথা তো বলেছে যে তারা আসবে?
তারা বলেছে অচেনা দ্বীপ বলে আর কিছু অবশিষ্ট নেই। আর যদি থাকেও, বাড়ির আরাম আর স্বস্তি ছেড়ে কোথাও যাবার ইচ্ছে নেই তাদের। কাজ করতে হলে যাত্রীবাহী যে জাহাজটা সমুদ্র পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছে সেখানে কাজ করবে। অন্ধকার সাগরে ঝুঁকি নিতে রাজি নয়।
তুমি তাদের বলোনি সাগর চিরকালই অন্ধকার? অচেনা দ্বীপের কথাও বুঝিয়ে বলোনি?
অচেনা দ্বীপের কথা আমি কি করে তাদের বোঝাব, বলো? যেখানে আমি নিজেই জানি না সেটা কোথায় আছে।
কিন্তু তুমি নিশ্চয়ই জানো যে ওটার অস্তিত্ব আছে।
যেমন আমি নিশ্চিত সাগর কালো। এই মুহূর্তে, এই উঁচু জায়গায় দাঁড়িয়ে পানির বিস্তারকে মনে হচ্ছে রত্নের মতো নীলচে-সবুজ, আকাশে যেন আগুন লেগেছে, আমার কাছে তো একেবারেই কালো মনে হয় না। স্রেফ চোখের ভুল, মায়া। দ্বীপ কখনও কখনও পানির গায়ের ওপর ভাসে, কিন্তু তা সত্যি নয়।
মাঝি-মাল্লা না থাকলে কি করে সব সামলাবে তুমি?
তা এখনও আমি জানি না।
আমরা এখানে বসবাস করতে পারি, বন্দরে বন্দরে নোঙর ফেললে ধোয়ার মতো অনেক জাহাজ পেয়ে যাবো। আর তুমি…
আমি…
তুমি নিশ্চয় কিছু জানো, কাজটাজ শিখেছ, তোমারও তো পেশা আছে…
‘তা আছে, ছিলো, যদি প্রয়োজন হয় থাকবে, কিন্তু আমি চাই অচেনা দ্বীপ খুঁজে বের করি। ওই দ্বীপে পৌঁছানোর পর জানতে চেষ্টা করব আমি কে।
তুমি সেটা জানো না?
নিজের ভেতর থেকে যতক্ষণ না তুমি বেরুতে পারছ, ততক্ষণ আবিষ্কার করতে পারবে না কে তুমি।
রাজার দার্শনিক, তাঁর যখন কিছু করার থাকত না, আমার কাছে এসে বসতেন, আমাকে সেলাইয়ের কাজ করতে দেখতেন। মাঝে সাজে দর্শনও আওড়াতেন। প্রায়ই তাঁকে বলতে শুনতাম, প্রতিটি মানুষ একটা দ্বীপের মতো। কিন্তু আমি একটা মেয়েমানুষ, তাঁর এসব কথা বুঝতামও না, ভালো করে শুনতামও না। তুমি কি ভাবো? দ্বীপ দেখতে যেতে হলে দ্বীপ ছেড়ে যেতে হবে? আমরা নিজেদেরকে দেখতে পাবো না, যতক্ষণ না নিজেদের কাছ থেকে মুক্ত হতে পারছি?
তুমি বলতে চাইছ নিজেদের কাছ থেকে যতক্ষণ পালাতে না পারছ।
না, দুটো এক জিনিস হলো না।
আকাশের আগুন দ্রুতই নিভে আসছে, পানি হঠাৎ করে বেগুনি চেহারা পেয়েছে, এখন এমনকি পরিচ্ছন্ন নারীরও সন্দেহ হবে সাগর সত্যি হয়তো কালো, অন্তত দিনের নির্দিষ্ট একটা সময়ে তো বটেই।
লোকটা বলল, দর্শন রাজার দার্শনিকের কাছেই থাক, এই কাজের জন্যেই তাঁকে বেতন দেয়া হয়। এসো, আমরা খেতে বসি।
কিন্তু মেয়েটা তাতে রাজি হলো না। সে বলল, না, প্রথমে তোমাকে নিজের জাহাজ ঘুরে দেখতে হবে। তুমি শুধু বাইরে থেকে দেখেছ।
ওটাকে তুমি কি অবস্থায় পেলে?
কিছু পাল মেরামত করতে হয়েছে।
খোলে নেমেছিলে, জাহাজে কি খুব বেশি পানি আছে?
খোলের তলায় কিছু পানি আছে, কলকল ছলছল করতে শুনেছি। তবে সেটা স্বাভাবিক।
এসব তুমি শিখেছ কোথায়?
এমনি শিখে ফেলেছি।
কিন্তু কিভাবে?
তুমি যেমন বন্দর প্রধানকে বললে, সাগরে বেরিয়ে জাহাজ চালানো শিখে ফেলবে-ওভাবে।
আমরা তো এখনও সাগরে বেরোইনি।
তা বেরোইনি, তবে পানিতে আছি।
আমার বিশ্বাস, সাগরে চলাচলের ক্ষেত্রে সত্যিকার শিক্ষক আছে দুজন-একটা সাগর, আরেকটা জলযান।
তুমি আকাশের কথা ভুলে যাচ্ছ।
হ্যাঁ, অবশ্যই, আকাশও। বাতাস। মেঘ। আকাশ। হ্যাঁ, আকাশ।
গোটা জাহাজ, একটা ক্যারাভেল, ঘুরে দেখতে পনেরো মিনিটও লাগল না ওদের। খুব বেশি হাঁটার সুযোগ নেই।
ভারি সুন্দর, মন্তব্য করল লোকটা। কিন্তু এটা চালানোর মতো যথেষ্ট লোকজন আমি যদি যোগাড় করতে না পারি, বাধ্য হয়ে আমাকে আবার রাজার কাছে ফিরে যেতে হবে, বলতে হবে এটা আর আমার দরকার নেই।
একটা সত্যি কথা বলি তোমাকে। এই তুমি প্রথম বাধার সামনে পড়েছ, আর তাতেই হাল ছেড়ে দিতে চাইছ।
প্রথম বাধা ছিলো রাজার জন্যে তিনদিন অপেক্ষা করা, কিন্তু তখন আমি হাল ছাড়িনি।
আমাদের সঙ্গে যেতে আগ্রহ আছে এমন মাঝি-মাল্লা যদি নাই পাই, সেক্ষেত্রে আমরা নিজেরাই ম্যানেজ করে নেবো।
তুমি পাগল, মাত্র দুজন মানুষ এরকম একটা জাহাজ চালাতে পারে না, তা সে যতই ছোট হোক। আমাকে তো সব সময় জাহাজের হুইল ধরে থাকতে হবে। আর তুমি…তুমি… আমি এমনকি ব্যাখ্যাটা শুরুই করতে পারছি না…
ঠিক আছে, পরে দেখা যাবে। এখন চলো খেতে বসি।
কোয়ার্টার ডেকে উঠল ওরা। লোকটা এখনও প্রতিবাদ করছে, বলছে মাত্র দুজন মানুষ একটা জাহাজ চালাবার কথা ভাবা পাগলামি ছাড়া কিছু নয়। তার সঙ্গিনী খাবারের প্যাকেটটা খুলল। তা থেকে বের হলো রুটি, ছাগলের দুধ দিয়ে তৈরি পনির, কিছু পাকা জলপাই আর এক বোতল ওয়াইন। চাঁদ এখন সাগর থেকে মাত্র এক হাত ওপরে। আশপাশের জাহাজ আর মূল মাস্তুলের ছায়া এসে পৌঁছেছে ওদের পায়ের কাছে।
আমাদের ক্যারাভেল সত্যি খুব সুন্দর, মেয়েটা বলল। তারপরই শুধরে নিলো নিজেকে: আমি বলতে চাইছি তোমার ক্যারাভেল। অনেক দিন পর্যন্ত এটা আমার ক্যারাভেল হবে না। এরকম চিন্তা করা আমার উচিত নয়। তুমি চালাও আর নাই চালাও, এটা তোমার, রাজা এটা তোমাকে দিয়েছেন।
হ্যাঁ, কিন্তু এটা আমি তাঁর কাছে এজন্যে চেয়েছি যাতে অচেনা দ্বীপের খোঁজে রওনা হতে পারি।
কিন্তু এসব কাজ মুহূর্তের মধ্যে হয় না, শুরু করতেও সময় লাগে। আমার দাদু সবসময় বলতেন কেউ যদি সাগরে যেতে চায় তাকে আগে ডাঙায় বসে প্রস্তুতি নিতে হবে, তিনি নিজে এমনকি নাবিকও ছিলেন না।
মাঝি-মাল্লা না থাকলে আমরা রওনা হতে পারব না।
তাই বলেছ তুমি।
এ-ধরনের একটা অভিযানে বেরোতে চাইলে এক হাজার একটা জিনিসের দরকার হবে তোমার, যেহেতু আমরা জানি না এই যাত্রা কোথায় নিয়ে ফেলবে আমাদের।
অবশ্যই। আর তারপর সঠিক মরশুমের অপেক্ষায় থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে মনের মতো জোয়ারের জন্যে, তারপর এক সময় জেটিতে ভিড় করবে লোকজন, সবাই তারা আমাদের যাত্রা শুভ হোক বলে প্রার্থনা করবে…
তুমি আমাকে নিয়ে কৌতুক করছ।
মোটেও না। যে মানুষ আমাকে সিদ্ধান্ত নামের দরজা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে এনেছে আমি তাকে নিয়ে কৌতুক করতে পারি না।
আমাকে মাফ করো।
যাই ঘটুক না কেন, আমি আর কোনও দিন ওখানে ফিরে যাব না।
চাঁদের আলো এখন সরাসরি পরিচ্ছন্ন নারীর মুখে এসে পড়ছে।
সুন্দর, সত্যি সুন্দর, ভাবল লোকটা, এবং এই মুহূর্তে সে উপহার পাওয়া ক্যারাভেলের কথা ভাবছে না।
আর মেয়েটা…সে কিছুই ভাবছে না। তার যত ভাবনা ছিলো সব ভেবে নিয়েছে ওই তিনদিনে: বার বার, খানিক পরপর, আর্জির দরজা খুলে যখন দেখেছে লোকটা এখনও ওখানে অপেক্ষা করছে কিনা।
রুটি বা পনিরের একটা কণাও পড়ে থাকল না, না পড়ে থাকল ওয়াইনের একটা ফোঁটা। জলপাইয়ের বিচিগুলো তারা সাগরে ফেলে দিলো। আবার ঝকঝকে পরিষ্কার হয়ে উঠল ডেক। এই সময় ওদেরকে চমকে দিয়ে কাছাকাছি কোনও স্টিমশিপ থেকে সাইরেন বেজে উঠল। এর মানে হলো, ওটা রওনা হচ্ছে।
মেয়েটা বলল, আমাদের যখন সময় হবে, আমরা এত শব্দ করব না।
ওরা বন্দরের ভেতর দিকে রয়েছে, তারপরও স্টিমশিপ পাশ কাটানোর সময় ছোট ছোট ঢেউ সামান্য দুলিয়ে দিয়ে গেল ওদের ক্যারাভেলকে।
লোকটা বলল, তবে আমরা অবশ্যই এরচেয়ে বেশি দোলা দিয়ে যাবো।
দুজনেই হেসে উঠল। তারপর আর কেউ কিছু বলছে না।
খানিক পর, দুজনের একজন, শুতে যাবার প্রসঙ্গটা তুলল -এবার শুতে গেলে হয়, তবে বলছি না যে আমার ঘুম পেয়েছে।
অপরজন রাজি হলো। তবে স্বীকার করল, তারও ঘুম পায়নি।
তারপর আবার চুপ করে থাকল দুজন।
চাঁদ আরও ওপরে উঠছে। এক সময় মেয়েটা বলল, নীচে বাঙ্ক আছে, শুতে হলে ওখানে যেতে হবে।
লোকটা বলল, হ্যাঁ।
তখনই উঠল ওরা, ধাপ বেয়ে ডেকের নীচে নামল।
নীচে নামার পর মেয়েটা বলল, কাল আবার দেখা হবে। আমি ওদিকে যাচ্ছি।
লোকটা উত্তরে বলল, ঠিক আছে, আমি ওদিকে যাচ্ছি, কাল আবার দেখা হবে।
তারা পোর্ট বা স্টারবোর্ড বলল না, কারণ সম্ভবত এই যে কৌশলটা তাদের দুজনেরই জানা আছে।
মেয়েটা ঘুরে ফিরে এলো, বলল, আরে, আমার একদম মনে নেই। সে তার অ্যাপ্রনের পকেট থেকে দুটো আধপোড়া মোমবাতি বের করল। বলল, ঝাড়মোছ করার সময় এগুলো আমি পেয়েছি। কিন্তু আমার কাছে দেশলাই নেই।
আমার কাছে আছে, লোকটা বলল।
দু’হাতে ধরা দুটো মোম বাড়িয়ে ধরল মেয়েটা। দেশলাই জ্বালল তার সঙ্গী, সাবধানে এক এক করে মোমের সুতো ধরালো। জোড়া মোমের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল মেয়ের মুখ। লোকটা কি ভাবছে, তা আর বলার প্রয়োজন নেইÑও অসম্ভব সুন্দর।
তবে মেয়েটা এরকম ভাবছে: এটা স্পষ্টই বোঝা যাচ্ছে নিজের চোখ দিয়ে সে শুধু অচেনা দ্বীপই দেখতে পাবে।
এটা শুধু একটা উদাহরণ যে একজন মানুষ আরেকজন মানুষের চোখের দৃষ্টি কতটুকু ভুল অনুবাদ করতে পারে, বিশেষ করে তাদের যখন সবেমাত্র পরিচয় হয়।
মেয়েটা ওর হাতে একটা মোম ধরিয়ে দিলো, বলল, তাহলে কাল আবার দেখা হচ্ছে, ভালো একটা ঘুম দাও।
লোকটাও তাকে এই একই কথা বলতে চাইল, তবে অন্যভাবে: তুমি ঘুমের মধ্যে মিষ্টি স্বপ্ন দেখো।
পরে, নীচের ব্যাঙ্কে শুয়ে, লোকটার মনে হলো আরও মজার এবং অর্থবহ কিছু বলা উচিত ছিলো তার। যেমনটি হওয়া উচিত কোনও লোক যখন একটা মেয়ের সঙ্গে একা থাকে। সে ভাবল, ও কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? ওর হয়তো ঘুম আসতে দেরি হয়। দেরি হয় ধরে নিয়ে কল্পনায় আমি তাকে খুঁজতে বেরোলাম। ওকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমরা দুজনেই তাহলে বিরাট একটা জাহাজের ভেতর হারিয়ে গেছি।
ঘুম ভারি দক্ষ জাদুকর। জিনিসের আকার-আকৃতি আর ধরন-ধারণ বদলে দেয়, বদলে দেয় একটার সঙ্গে আরেকটার দূরত্ব। মানুষকে আলাদা করে ফেলে। আবার উল্টোটাও কি সত্যি নয়? ওরা একজনের পাশে আরেকজন শুয়ে আছে। এই সময়, এই রাত আর এই চাঁদ কিভাবে যেন এক করে ফেলেছে ওদেরকে। যদিও পরস্পরকে কোনও রকমে দেখতে পাচ্ছে ওরা। মেয়েটা শুয়ে আছে তার কাছ থেকে মাত্র ক’ফুট দূরে, কিন্তু সে ওর নাগাল পাচ্ছে না, অথচ পোর্ট থেকে স্টারবোর্ডে যাওয়াটা কত সহজ।
লোকটা কামনা করেছিল মেয়েটা স্বপ্ন দেখুক, কিন্তু স্বপ্ন যা দেখার সে নিজেই দেখছে। সে দেখছে তার ক্যারাভেল খোলা সাগর ধরে সবেগে ছুটছে। প্রবল বাতাসে ফুলে আছে তিনটে পালই। জাহাজের নাক উঁচু উঁচু ঢেউ কেটে এগোচ্ছে। সে-ই চালাচ্ছে জাহাজ, মাঝি-মাল্লারা সব ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এই মাঝি-মাল্লারা এখানে কেন এসেছে তার কোনও ধারণা নেই। এরাই তো তারা, যাদেরকে তার সঙ্গে অচেনা দ্বীপ খুঁজতে যেতে রাজি করানো যায়নি। সম্ভবত তার সঙ্গে খারাপ ব্যবহার করার পর অনুশোচনা জেগেছে তাদের মনে।
লোকটা আরও দেখল, ডেকে কিছু পশু-পাখি চরে বেড়াচ্ছে-হাঁস, খরগোস, মুরগি, ছাগল, গরু। কবে বা কখন ওগুলোকে জাহাজে তোলা হয়েছে মনে করতে পারছে না সে। কিন্তু ঘটনা যে ঘটেছে সেটা তো পরিষ্কারই দেখতে পাচ্ছে। ওগুলো যে এখানে থাকবে, এটাই যেন স্বাভাবিক, কারণ অচেনা দ্বীপটা মরুভ‚মিও তো হতে পারে, যেমনটি অতীতে বেশ কয়েকবার ঘটতে দেখা গেছে।
খোলের গভীর গর্ত থেকে ঘোড়াদের চিঁহিঁ-চিঁহিঁহি কোরাস ভেসে আসতে শুনছে সে। ষাঁড় হুঙ্কার ছাড়ছে। গাধা ব্যা ব্যা করছে। ওরা ভার বহন করতে ওস্তাদ। কিন্তু ওগুলো সব এলো কখন। ছোট একটা ক্যারাভেলে ওগুলোর জায়গাই বা হচ্ছে কিভাবে, যেখানে মাঝি-মাল্লাদেরই জায়গা দেয়া দুষ্কর। তারপর সে দেখল জাহাজে বেশ কিছু মহিলাও আছে, প্রত্যেকে তারা কোনও না কোনও কাজে ব্যস্ত।
এটা স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে না। কারণ বাস্তব জীবনে এভাবে কেউ ভ্রমণ করে না। জাহাজের হুইল ধরে দাঁড়িয়ে থাকা লোকটা পরিচ্ছন্ন নারীর খোঁজে চারদিকে তাকাল, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছে না।
হতে পারে সে হয়তো ডেস্ক ধোয়া-মোছার শক্ত কাজটা করার পর স্টারবোর্ডের ওদিকে একটা বাঙ্কে বিশ্রাম নিচ্ছে। উঁহুঁ, না, ভাবল সে. আমি আসলে নিজেকে বোকা বানাতে চেষ্টা করছি। আমার মন জানে, কিভাবে জানল বলতে পারব না, একেবারে শেষ মুহূর্তে আমার এদিকে না আসার সিদ্ধান্ত নিয়েছে সে। তারপর জাহাজ থেকে লাফ দিয়ে জেটিতে নেমেছে, চিৎকার করে বলেছে, শুভ বিদায়! আমি চলে যাচ্ছি! কারণ শুধু অচেনা দ্বীপ ছাড়া আর কিছু দেখতে রাজি নয় তোমার চোখ।
কিন্তু ওগো মেয়ে, কথাটা সত্যি নয়। এই দেখো তার চোখ এখন শুধু তোমাকেই খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না।
ঠিক এই সময় আকাশে প্রচুর মেঘ চলে এলো, এবং নেমে এলো ঝমঝম বৃষ্টি। আর বৃষ্টি পেয়ে ডেকের একধারে মাটিভর্তি সারি সারি বস্তা থেকে চারা গজাতে শুরু করল। অচেনা দ্বীপে কি পাওয়া যায় না যায় ভেবে বস্তায় ভরে তারা সব ধরনের বীজই নিয়ে এসেছে-সেখানে তারা গোলাপ-জুঁই-চামেলি যেমন ফোটাতে পারবে, তেমনি ফলাতে পারবে গম, চাল, ভুট্টা থেকে শুরু করে সব ধরনের ফল, তরকারী, শাক-সবজিও।
হুইলে দাঁড়ানো লোকটা ডেকে বিশ্রামরত মাঝি-মাল্লাদের জিজ্ঞেস করল, মানুষের বসতি নেই এমন কোনও দ্বীপ এখন পর্যন্ত তাদের চোখে পড়েছে কিনা।
জবাবে তারা জানাল, কোনও দ্বীপই তাদের চোখে পড়েনি। তবে যেকোনও দ্বীপ পেলেই হলো, সেখানে নোঙর ফেলার সুযোগ থাকলে, নেমে পড়বে তারা। সেখানে অবশ্য সরাইখানা থাকতে হবে, যেখানে তারা গলা ভেজাতে পারবে, শুতে পারবে-এখানে সে সুযোগ নেই তাদের। এখানে এক জায়গায় এত লোক জড়ো হয়ে থাকায় তাদের খুব কষ্ট হচ্ছে।
হুইলে থাকা লোকটা জিজ্ঞেস করল, তাহলে অচেনা দ্বীপের কি হবে?
অচেনা দ্বীপের অস্তিত্ব নেই। ওটা শুধু তোমার মাথায় একটা আইডিয়া হয়ে আছে।
আমার যাত্রায় বিঘ্ন সৃষ্টি না করে তোমাদের উচিত ছিলো শহরে পড়ে থাকা।
কিভাবে ভালো থাকা যায় তার সন্ধানে ছিলাম আমরা, তোমার লোক লাগবে শুনে সুযোগ নিতে চলে এসেছি।
তোমরা মাঝি-মাল্লা নও।
কোনও দিন ছিলাম না।
কিন্তু মাঝি-মাল্লা ছাড়া এই জাহাজ আমি একা চালাতে পারব না।
এটা তোমার ভাবা উচিত ছিলো রাজার কাছে জাহাজ চাইতে যাবার আগে। কিভাবে জাহাজ চালাতে হয়, এটা তোমাকে সাগর শেখাবে না।
এই সময় হুইলে দাঁড়ানো লোকটা কাছাকাছি দূরত্বে জমিন দেখতে পেলো। সে ওটাকে দেখতে না পাবার ভান করে পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করছে, মনে মনে ভাবছে-আমি ভুল দেখছি! কোথায় ডাঙা!
কিন্তু ডেকে বসা লোকগুলো, যারা মাঝি-মাল্লা নয়, তারা প্রতিবাদ করল। চিৎকার করে বলল, আরে, এই দ্বীপ তো মানচিত্রে নেই! তুমি যদি ওখানে আমাদের না নামতে দাও, তোমাকে আমরা খুন করব।
তারপর, ক্যারাভেল নিজে থেকেই, ওই ডাঙার দিকে ঘুরে গেল, প্রবেশ করল বন্দরে, থামল জেটির পাশে। তোমরা এখন নামতে পারো, হ্ইুলে দাঁড়ানো লোকটা বলল।
সঙ্গে সঙ্গে সবাই তারা জাহাজ থেকে নেমে গেল। প্রথমে মেয়েরা, তাদের পিছু নিয়ে পুরুষরা। কিন্তু তারা শুধু একা গেল না, যাবার সময় সঙ্গে করে নিয়ে গেল হাঁস-মুরগি, খরগোস, গরু-ছাগল, গাধা, ঘোড়া ইত্যাদি সবই। এমনকি গাংচিলরাও থাকল না, তারা ঠোঁটে করে বয়ে নিয়ে গেল তাদের বাসা-এরকম দৃশ্য আগে কেউ কখনও দেখেনি, তবে প্রথমবার বলে কথাটা সব ক্ষেত্রেই খাটে।
হুইলের লোকটা চুপচাপ এই প্রস্থানপর্ব চাক্ষুষ করল। যারা তাকে ছেড়ে যাচ্ছে তাদেরকে থামানোর কোনও চেষ্টাই করল না সে। হাতের কাছে যা পেয়েছে সব নিয়ে গেলেও, কিছু জিনিস নেয়নি তারা, যেমন-গাছপালা, চারা আর বীজ। হুড়োহুড়ি করায় মাটিভর্তি বস্তার মুখ খুলে গেছে, ফলে ডেকে ছড়ানো মাটি দেখে মনে হচ্ছে ওটা একটা খেত, ইতিমধ্যে হাল দেয়া হয়েছে, আর সামান্য বৃষ্টি হলেই খুব ভালো ফসল ফলবে।
যখন থেকে অচেনা দ্বীপের সন্ধানে এই অভিযান শুরু হয়েছে তখন থেকে হুইলের দায়িত্বে থাকা লোকটাকে আমরা একবারও খেতে বসতে দেখিনি, এর কারণ নিশ্চয়ই স্বপ্ন দেখছিল সে, শুধুই স্বপ্ন দেখছিল, আর স্বপ্নের ভেতর যদি সে এক টুকরো আপেল কিংবা এক টুকরো রুটি খেয়ে থাকে সেটা হবে নিখাদ বানানো গল্প, তার বেশি কিছু না।
গাছপালার শিকড় এখন জাহাজের কাঠামো ভেদ করছে। আর বেশি দেরি নেই যখন টাঙানো পালগুলোর প্রয়োজন ফুরাবে। বাতাস তখন শুধু গাছের মগডালে লাগলেই হবে, ক্যারাভেল রওনা হয়ে যাবে নিজ গন্তব্যে।
ওটা একটা জঙ্গল, যেটা ঢেউয়ের সঙ্গে পানির ওপর উঁচু-নিচু হচ্ছে। এমন একটা জঙ্গল, কেউ জানে না কিভাবে সম্ভব, যেখানে গাছে গাছে বসে পাখিরা গান গাইতে শুরু করেছে। ওগুলো নিশ্চয়ই কোথাও লুকিয়ে ছিলো, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে এসেছে আলোয় জগতে। এর কারণ সম্ভবত এই যে খেতে গম পাকতে শুরু করেছে, এবার ওগুলো কাটতে হবে।
কাজেই হুইলে তালা দিলো লোকটা, কাস্তে হাতে নেমে পড়ল খেতে। মাত্র কয়েক গোছা কাটা হয়েছে, নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া দেখতে পেলো সে। তার ঘুম ভাঙল বাহুর ওপর পরিচ্ছন্ন নারীকে নিয়ে, ওই মেয়ের হাতও দেখা গেল তার গায়ের ওপর পড়ে আছে। ওদের শরীর আর ওদের বাঙ্ক এক হয়ে গেছে, যে কারণে কেউ বলতে পারছে না এটা পোর্ট আর এটা স্টারবোর্ড। তারপর, সূর্য উঠতে, ওই লোক আর মেয়ে ক্যারাভেলের নাকের দু’পাশে সাদা রঙ দিয়ে কিছু হরফ আঁকতে শুরু করল-জাহাজটার নাম লিখছে ওরা। অবশেষে সাগরের পথে যাত্রা শুরু করল অচেনা দ্বীপ, খুঁজে বেড়াচ্ছে নিজেকে।
আবদুল করিম সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী
পুঁথিসম্রাট আবদুল করিম সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী বুধবার। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি। ভারত উপমহাদেশের জ্ঞানসাধকদের মধ্যে তিনি একজন। সুনীতিকুমার, দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রীর নামের সঙ্গে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার নিজ গ্রাম সুচক্রদণ্ডীতে তার কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারতসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুন্সী আবদুল করিম ১৮৭১ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুদ্দীন, মা মিসরি জান। জন্মের তিন মাস আগে তার বাবা মারা যান। মাত্র ১৬ বছর বয়সে মা-ও মারা গেলে তিনি এতিম হন। পিতৃ-মাতৃহীন আবদুল করিমকে লালনপালন করেন তার চাচা অছিরুদ্দীন।
তদানীন্তন ব্রিটিশ শাসিত পূর্ব বাংলায় মুন্সী আবদুল করিম একমাত্র সাহিত্য ব্যক্তিত্ব, যিনি মধ্যযুগে রচিত বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহে প্রথম আত্মনিয়োগ করেন। তার সংগৃহীত পুঁথির সংখ্যা আড়াই হাজারের বেশি। আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের বিশিষ্টজনদের কাছে ‘সাহিত্যবিশারদ’ উপাধি পেয়েছিলেন আবদুল করিম। আর নদীয়ার পণ্ডিত সমাজ তাকে ‘সাহিত্য সাগর’ উপাধি দেয়।











