সরাইলে কতিপয় নেতারা স্বার্থের জন্যে দাঙ্গা সৃষ্টি করে : ওসি সাহাদাত
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেছেন, সরাইলের মানুষ দাঙ্গা পছন্দ করে না। কতিপয় নেতারা তাদের স্বার্থের জন্যে সমাজে দাঙ্গা সৃষ্টি করে। তবে তাদের সংখ্যা হাতেগুনা।
আমরা ইতোমধ্যে সেইসব নেতাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। পাশাপাশি এখানকার দাঙ্গা রোধ করছি। মঙ্গলবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
অনুষ্ঠানে ওসি সাহাদাত হোসেন আরও বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করতে কতিপয় নেতারা এখানে দাঙ্গা সৃষ্টি করিয়ে বাণিজ্য করে। গত সাড়ে তিনমাসে এখানে কোন দাঙ্গা হয়নি। দুইদিন আগে একটি জায়গা নিয়ে উপজেলা সদরে দুইগ্রামের লোকদের মাঝে ঝগড়া হয়, আমরা এটাকে দাঙ্গা বলবো না। একটি পক্ষ বাহির থেকে লাঠিয়াল বাহিনী ভাড়ায় এনে সেখানে নৈরাজ্য সৃষ্টি করেছিল, আমরা সেটি শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, যেকোনো মূল্যে চিহ্নিত দাঙ্গাবাজদের আইনের আওতায় এনে এই সরাইলকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।











