দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে যথাযথ আনুষ্ঠানিকতায় জাতীয় যুব দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ মহিলা সংরক্ষিত আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকিয়া বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম।
মো. মজিদ বক্স এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বিআরডিবি’র সাবেক সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর প্রমূখ।
সভায় যুব সমাজের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরাসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবকদের করণীয় সম্পর্কে আলোচনা হয়। অনুষ্ঠানে চেক-সনদপত্র বিতরণ করা হয়।











