এক বর্ণাঢ্য জীবনের অবসান
আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : ঐতিহ্যবাহী তিতাস পাড়ের কৃতিসন্তান, ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনের সিংহপুরুষ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ূন কবির এর বর্ণাঢ্য জীবনের অবসান হলো ২৭ অক্টোবর সকাল পৌনে নয়’টায়। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর স্ত্রী নায়ার কবীর বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সফল মেয়র।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি হুমায়ূন কবির ছিলেন এই জনপদের একজন সফল অভিভাবক। তাঁর মৃত্যুতে গোটা ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভক্তবৃন্দের সমবেদনার ঝড় উঠেছে। বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন। এখানকার রাজনৈতিক অঙ্গনে চলছে শোকের মাতম।
বর্ণাঢ্য জীবনের পাশাপাশি নানা গুণের অধিকারী ছিলেন প্রবীণ নেতা হুমায়ূন কবীর। ছিলেন একজন সফল মানুষও। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি থেকে তাঁর রাজনৈতিক উত্থান। পরে ১৯৬৯ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানারে তিনি ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন অন্যতম সংগঠক। বিগত তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি অত্যন্ত সফলভাবে এখানে দলকে সু-সংগঠিত করেন। দুইবার নির্বাচিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বপালন করেন সফলতার সাথে। তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন বলে জানা যায়। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এবং ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক কলেজ সহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর হাতে গড়ে উঠে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পন পত্রিকার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যও ছিলেন তিনি। এই জনপদের একজন সফল সালিশকারক হুমায়ূন কবির জেলা শহর সহ সরাইল উপজেলা ও আশপাশ এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করান।
গণমানুষের এই মহান নেতার মরদেহের জানাজা আগামিকাল সোমবার (২৮ অক্টোবর) বাদ যোহর জেলা সদরের কাজীপাড়াস্থ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ শহরের পৈরতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন।











