ভেসেছে মানবতা কেঁদেছেন মানুষ
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির দত্তপাড়া গ্রামের একটি পুকুরে কাটুন বন্দি অবস্থায় এক নবজাতকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সরাইল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এলাকাবাসী জানান, বুধবার সকালে এক কৃষক গবাদিপশুর জন্য ঘাস তুলে এ পুকুরে ধৌত করার সময়ে একটি কাটুনে নবজাতকের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় এক জনপ্রতিনিধিকে জানান। এ ঘটনা জানাজানি হলে এলাকার শত শত মানুষ এ পুকুরপাড়ে ভীড় জমান।প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, নবজাতকের মৃতদেহ কাটুনে বন্দি অবস্থায় পুকুরের পানিতে ভাসছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই কেঁদেছেন।
সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বলেন, আমার বাড়ির পাশেই এ ঘটনা। আমি ঘটনাস্থলে গিয়ে দেখে বিষয়টি পুলিশকে অবগত করি। তিনি বলেন, যে-ই এই জঘন্য কাজ করেছে, সে আসলে মানুষ না পশুর চেয়েও জঘন্য।











