সরাইলে অশান্তিকে উড়িয়ে দিয়ে শান্তির শপথ নিলেন গ্রামবাসী
আরিফুল ইসলাম সুমন : সামাজিক দলাদলি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গত কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় দাঙ্গা-সংঘর্ষ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এতে হতাহতের ঘটনা সহ ঘরবাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ এসব সংঘর্ষ থামাতে গুলিবর্ষণ করে এবং বেশকয়েকজন পুলিশ সদস্য আহত হন। এমনকি এসব ঘটনায় সরাইল থানায় শতাধিক ব্যক্তিকে আসামি করে একাধিক মামলাও হয়।
এসব ঘটনার পর সংঘাত-সংঘর্ষের পথ থেকে শান্তির পথে ফিরে আসতে বিবদমান গ্রামবাসীকে আহ্বান জানায় পুলিশ প্রশাসন। বিবদমান সংঘাতময় পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে বোঝানো হয়, নেতাদের ব্যক্তিস্বার্থে খেটে খাওয়া সাধারণ নিরীহ গ্রামবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করে সংঘর্ষ-সংঘাত সৃষ্টি করা হয়। এতে সাধারণ গ্রামবাসীর বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। হতাহত হন তারাই। চিকিৎসা মামলায় সাধারণ গ্রামবাসী সর্বস্বান্ত হন। এসব ক্ষেত্রে নেতাদের ভারি পকেট আরও ভারি হয়। প্রশাসনের কথায় সাড়া দিয়ে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো’র কাছে শান্তির শপথ নিচ্ছেন স্থানীয় বিভিন্ন গ্রামবাসী। একই সময় দেশীয় অস্ত্রও জমা নিচ্ছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার পানিশ্বর ইউপির বিটঘর গ্রামে অস্ত্র জমা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, পুলিশ প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দু্ই শতাধিক গ্রামবাসী তাদের দেশীয় অস্ত্র পুলিশের হাতে তুলে দেন। এসময় ওসি সাহাদাত হোসেন টিটো গ্রামবাসীকে শপথ পড়ান। উপস্থিত গ্রামবাসী নেতাদের খপ্পরে পড়ে আর সংঘাতে লিপ্ত হবেন না বলে হাত তুলে অঙ্গীকার করেন।
পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে এ অস্ত্র জমাদান ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো। বিশেষ অতিথি- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, ইউপি সদস্য মো. ইজ্জত আলী, সুমন মুন্সি প্রমূখ।











